কুবির হলগুলোতে বাড়ছে মশার উপদ্রব, স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা
ড্রেনের মধ্যে পঁচা ভাত, ময়লা আবর্জনা পড়ে আছে দীর্ঘদিন ধরে। নোংরা পানির মধ্যে বিভিন্ন ধরণের পোকা কিলবিল করছে। আর পাশেই ঘন ঝোপঝাড়। সন্ধ্যা নামতেই যেন চারদিক থেকে মশাদের উৎপাত শুরু হয়। চিত্রটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) কাজী নজরুল ইসলাম হলের। শুধু এই হল নয় বিশ্ববিদ্যালয়ের সবকটি আবাসিক হল এবং ক্যাম্পাসের প্রতিটি স্থানের চিত্র এটি। অপরিচ্ছন্ন ড্রেন এবং অতিরিক্ত ঝোপঝাড়ের কারণে বাড়ছে মশার বংশবিস্তার। বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মশার ঔষধ দেয়া হলেও ক্যাম্পাসের কোথাও এর ছোঁয়া লাগেনি। মশার এমন অত্যাচারে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা। ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশও।
খোঁজ নিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল হল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মাঝামাঝি স্থানটিতে পাহাড়ি জঙ্গল। বিভিন্ন স্থানে ঝোপঝাড় পরিষ্কার করা হলেও ছাত্রদের হলগুলোর আশেপাশে অনেক জায়গা জুড়েই ঝোপঝাড় পরিষ্কার করা হয়নি। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল পাহাড়ের উপরে হওয়ায় মশা কিছুটা কম। হলগুলোতে ড্রেনগুলোও ভালোভাবে পরিষ্কার করা হয়না বলে অভিযোগ শিক্ষার্থীদের। ফলে বাড়ছে মশার উপদ্রব, ডেঙ্গুসহ মশাবাহিত নানা রোগের ঝুঁকিতে পড়ছে শিক্ষার্থীরা। এছাড়া মশার অত্যাচার থেকে বাঁচতে অনেক শিক্ষার্থীই কয়েল ব্যাবহার করেন যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আবু নোমান বলেন, ‘মশার অত্যাচারে পড়াশোনা করা কঠিন হয়ে পড়ছে। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সন্ধ্যার পর মশার কামড়ে বসা দায়।’ কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী মো: হাসানুর রহমান হাসান বলেন, ‘হলের ড্রেন মারাত্মক নোংরা। গন্ধে পাশ দিয়ে হাঁটা কষ্টকর। এগুলোর কারণেই মশার প্রজনন দিনদিন বেড়েই চলেছে।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মাহমুদুল হাসান খান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘অতিরিক্ত বন-জঙ্গল, অপরিচ্ছন্ন ড্রেন, রুমে গাছ-গাছড়া, টায়ার, নারিকেলের খোসাসহ জমে থাকা পানির কারণে মশার বংশবিস্তার বৃদ্ধি পায়। মশার কারণে ডেঙ্গু, ম্যালেরিয়াসহ নানা জটিল রোগ ছড়ানোর সম্ভাবনা রয়েছে। এসব রোগ থেকে বাঁচতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা প্রয়োজন। আর কয়েল ব্যাবহারে মানুষের শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ে।’
অপরিচ্ছন্ন ড্রেনের বিষয়ে কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘ড্রেনের পানি যাওয়ার ব্যাবস্থা নাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ বিষয়ে আমি অবহিত করব, যেন পানি যাওয়ার জন্য আলাদা ব্যবস্থা করা হয়।’ বিশ্ববিদ্যালয়ে মশার ঔষধ দেয়া হয় না কেন জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ আবু তাহের দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সিটি কর্পোরেশনের সাথে কথা বলে আমরা শীঘ্রই মশা নিধনের ঔষধের ব্যবস্থা করবো।’