চবিতে গণিত বিভাগের সুবর্ণজয়ন্তী উদযাপন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণিত বিভাগ পঞ্চাশ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী উৎসবের আয়োজন করেছে বিভাগটি। নানা আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই উৎসব উদযাপিত হচ্ছে।
আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। সুবর্ণজয়ন্তীর প্রথম দিনের কর্মসূচিতে ছিল-বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, সম্মাননা প্রদান, পরিচিতি এবং স্মৃতিকথন। সন্ধায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় প্রথম দিনের কর্মসূচি। এছাড়া ২য় দিন আগামীকাল চট্টগ্রাম লাভ লেইনের স্মরণিকা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিতব্য কর্মসূচিতে থাকছে-স্মৃতিকথন, ব্যাচ ভিত্তিক ফটোসেশন, সমাপণী সেশন, র্যাফেল ড্র, পুরষ্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিকে বর্ণাঢ্য এক র্যালির মধ্য দিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জারুলতলায় এসে মিলিত হয় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে জারুলতলায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং উদ্বোধক হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী অনুষ্ঠানের উদ্বোধন করেন।
গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ মুরাদ এবং বিভাগের শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বিভাগের সভাপতি ও সুবর্ণজয়ন্তী উৎযাপন পরিষদের আহ্বায়ক প্রফেসর ড. গনেশ চন্দ্র রায়। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আনিসুল ইসলাম বলেন, গণিত বিজ্ঞানের একটি মৌলিক বিষয় এবং আধুনিক সভ্যতা বিকাশে গণিতের অসামান্য অবদান অনস্বীকার্য।
তিনি বলেন, দেশের অন্যতম উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান বীর চট্টলার অহংকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। উচ্চ শিক্ষা-গবেষণায় অভূতপূর্ব সাফল্য অর্জন করায় এখন বাংলাদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে একটি। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের। এসময় তিনি সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সার্বিক উন্নয়ন এবং সাফল্যের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীকে বিশেষভাবে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
আলোচনা সভায় চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, গণিত বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম অংশীদার হয়ে আছে। এই বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা দেশে-বিদেশে সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত থেকে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে সমুজ্জ্বল করেছে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সফিউল আলম, জে. এন. ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের ইউজিসি অধ্যাপক ড. মো. আবুল মনসুর চৌধুরী এবং উত্তরা ইউনিভার্সিটির গণিত বিভাগের অধ্যাপক ড. নুরুল আলম খান।