১৫ নভেম্বর ২০১৮, ২০:০১

চবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম অধ্যাপক ড. কামাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ড. মোঃ কামাল উদ্দিন অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন। এ বিভাগের শিক্ষক হিসেবে তিনিই প্রথম অধ্যাপক পদে পদোন্নতি পান।বৃহস্পতিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫১৮ তম বিশেষ সিন্ডিকেট সভায় এ পদোন্নতি দেয়া হয়।

এর আগে ২০১৫ সালে বিভাগে যোগ দেয়া প্রথম কোন শিক্ষক হিসেবে কামাল উদ্দিনের পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি। এবং একই বছর বিভাগের সভাপতির দায়িত্ব নেন।

২০০২ সালে বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) প্রথম শ্রেণিতে প্রথম এবং ২০০৩ সালে একই বিভাগ থেকে প্রথম শ্রেণিতে দ্বিতীয় হয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। পরে ২০০৫ সালের পহেলা জানুয়ারি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন তিনি। পরের বছর ২০০৬ সালের ১২ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। শিক্ষকতা জীবনে ২০০৮ সালের ৭ আগস্ট সহকারী অধ্যাপক পদোন্নতি ও ২০১৫ সালের ১১ সেপ্টেম্বর সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন তিনি।

উচ্চ শিক্ষা নিতে ২০১১ সালে সুইজারল্যান্ডে পাড়ি জমান তিনি। সেখানকার ইউনিভার্সিটি অব জুরিক থেকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বিষয়ে অ্যাডভান্স মাস্টার্স সম্পন্ন করেন । এরপর ২০১৫ সালে হংকংয়ের সিটি ইউনিভার্সিটি অব হংকং থেকে এশিয়ান অ্যান্ড ইন্ট্যারন্যাশনাল স্টাডিজ থেকে পুলিশিং অ্যান্ড হিউম্যান রাইটসের উপর পিএইচডি সম্পন্ন করেন । উচ্চ শিক্ষা শেষে দেশে ফিরেই ২০১৫ সালের ৬ আগস্ট আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতির দায়িত্ব নেন ড. কামাল। চলতি বছরের ৬ আগস্ট সভাপতির দায়িত্ব পালনের মেয়াদ শেষ হয় তার।

এর আগে ২০০৪ সালে আন্তর্জাতিক সম্পর্ক  বিভাগ প্রতিষ্ঠার পর রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এমদাদুল ইসলাম এবং ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মাহমুদুল হাসান এ বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।