১৫ নভেম্বর ২০১৮, ১৬:৫২

কম্পিউটার দোকানে ফরম পূরণ করে বিপাকে ৩ শতাধিক বিসিএস চাকরিপ্রার্থী

প্রতারকদের পুলিশে সোপর্দ করা হয়  © টিডিসি ফটো

কম্পিউটার দোকান থেকে ৪০তম বিসিএস’র আবেদন ফরম পূরণ করে বিপাকে পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শতাধিক শিক্ষার্থী। প্রতারিত হয়ে তারা পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে শঙ্কায় পড়েছেন।

বৃহস্পতিবার সকালে প্রতারণার বিষয়টি জানার পর দোকানিদেরকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। পরে তাদেরকে মতিহার থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। 

আটককৃতরা হলেন, বিশ্ববিদ্যালয় পরিবহন মার্কেটের স্পন্দন কম্পিউটারের মালিক মোস্তাক আহমেদ মামুন এবং ভাই ভাই কম্পিউটারের আরিফ হোসেন ও রফিকুল ইসলাম। এ ঘটনায় ভুক্তভোগী হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মোমিন হোসেন বাদি হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) বিসিএস পরীক্ষায় সাধারণ চাকরিপ্রার্থীদের জন্য ৭০০ টাকা আর প্রতিবন্ধীদের জন্য ১০০ টাকা ফি ধার্য করেছে। সে অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রায় তিনশ’ শিক্ষার্থী ওই দোকানগুলোতে ফরম পূরণ করে ফি বাবদ ৭০০ টাকা পরিশোধ করেন। তবে দোকানীরা ফি জমা দেয়ার সময় ইচ্ছাকৃতভাবে প্রতিবন্ধী কোটায় ফরম পূরণ করে আবেদন ফি ১০০ টাকা পরিশোধ করে। বিষয়টি নজরে আসলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দেন। পরিপ্রেক্ষিতে তাদেরকে আটক করা হয়।

এদিকে অভিযুক্তদের পুলিশে সোপর্দ করা হলেও বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন কিনা এ নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীদের মধ্যে তৈরী হয়েছে অনিশ্চয়তা। জামাল উদ্দিন নামের এক শিক্ষার্থী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ফরম পূরণের সময় দেওয়া আছে। পিএসসি বিষয়টি বিবেচনা না করলে আমাদের পরীক্ষায় বসা অনিশ্চিত হয়ে যাবে।

তবে ভুক্তভোগী শিক্ষার্থীদের আশঙ্কার কোন কারণ নেই বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু। তিনি বলেন, পিএসসির সাথে আমাদের কথা হয়েছে। আজ সন্ধ্যা ৬টার মধ্যে ভুক্তভোগী শিক্ষার্থীদের একটি তালিকা পাঠানোর কথা জানিয়েছেন তারা। পাঠানোর পর পিএসসি প্রয়োজনীয় উদ্যোগ নিবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, শিক্ষার্থীদের সাথে প্রতারণা করা দোকানীদেরকে আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি। এর আগে তাদের কাছ থেকে ৮০ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। সেটি শিক্ষার্থীদেরকে ফেরত দেওয়া হবে। শিক্ষার্থীরা যেন সাধারণ পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন সে বিষয়ে পিএসসিকে অনুরোধ করা হয়েছে।