১৫ নভেম্বর ২০১৮, ১৪:১৭

বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ

কার্যালয়ে প্রবেশের সময় উপাচার্যকে বাধা দেয় আন্দোলনকারীরা  © সংগৃহীত

স্নাতক এবং স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তির সময় শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রশাসনিক ভবন অবরোধ করেছে ক্যাম্পাস শাখা প্রগতিশীল ছাত্রজোট।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা।

জোটের ব্যানারে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্ক্সবাদী) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।

এরপর সকাল দশটায় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম তার কার্যালয়ে প্রবেশ করতে গেলে বাধার মুখে পড়েন। পরে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের দাবি সমাধানের জন্য আলোচনার দরকার আছে। এজন্য বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় সভাপতির সঙ্গে সভা আহ্বান করা হয়েছে।’বিশ্ববিদ্যালয় প্রশাসন, অনুষদ ডিন ও বিভাগীয় সভাপতি এবং শিক্ষার্থী এই তিন পক্ষের মধ্যকার সভা শুরুর অপেক্ষায় রয়েছে।

উল্লেখ্য, ৭ নভেম্বর থেকে প্রগতিশীল ছাত্রজোট বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি,গণস্বাক্ষর গ্রহণসহ নানা ধরণের প্রতিবাদী কর্মসূচি পালন করে আসছে।