বিভাগ পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (এপিইই) বিভাগকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
বুধবার চতুর্থ দিনের মতো বিশ্ববিদ্যালয়ের প্রথম বিজ্ঞান ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করে তারা।
শিক্ষার্থীরা জানায়, রাবিতে ২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত প্রকৌশল অনুষদের অধীন ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থাকা সত্বেও সাদৃশ্যপূর্ণ সিলেবাস দিয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী চালু করা হয়। বর্তমানে পৃথক দু'টি বিভাগ থাকায় ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মানসম্মত চাকরিসহ গুরুত্বপূর্ণ পদে অযোগ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। এতে চাকরির ক্ষেত্রে বঞ্চনার শিকার হচ্ছেন তারা।
শিক্ষার্থীরা বলেন, সিলেবাস এক হওয়ায় একই বিভাগ করার জন্য কর্তৃপক্ষকে বারবার দাবি করে আসলেও কোনো ফল পাওয়া যায়নি। অথচ ঢাবি, চবি ও ইবিতে দুই বিভাগকে একই বিভাগের পরিণত করা হয়েছে। পৃথক পৃথক বিভাগ থাকলে ভবিষ্যৎ ক্যারিয়ার তৈরির উজ্জ্বল সম্ভাবনাকে বিনষ্ট করবে। তাই নিরুপায় হয়ে অবস্থান কর্মসূচিতে নামতে বাধ্য হয়েছি।
তারা আরও বলেন, ইতোমধ্যে বিভাগের সভাপতি ও শিক্ষকগণ আমাদের ডেকেছেন। আমরা গিয়ে সমস্যাগুলো বলেছি। তারা এবিষয়ে চিন্তা ভাবনা করে আমাদের জানানোর কথা বলেছেন।
এবিষয়ে অ্যাপ্লাইড ফিজিক্স ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. আরিফুল ইসলাম নাহিদ বলেন, ছাত্রদের দাবিগুলো আমরা শুনেছি।বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভাগের এ্যকাডেমিক কাউন্সিলের মিটিং এ বিষয়ে সিদ্ধান্ত হবে।এ ব্যাপারে অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন সঠিক সিদ্ধান্ত নেবেন।