বিশ্ববিদ্যালয়ে বরাদ্দকৃত অর্থের শুদ্ধাচার নিশ্চিত করতে হবে
জনগণের অর্থে পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলোকে বরাদ্দকৃত অর্থে শুদ্ধাচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। এর মাধ্যমে টেকসই উন্নয়নের জন্য বাস্তবসম্মত যুগোপযোগী পরিকল্পনা গ্রহণ এবং এর সফল বাস্তবায়নের উপরও গুরুত্বরোপ করেছেন তিনি।
আজ বুধবার সরকারী কর্মব্যবস্থাপনা পদ্ধতির আওতায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্পাদিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সংক্রান্ত বিষয়ে ‘অ্যানুয়াল পারফরমেন্স’ শীর্ষক এক কর্মশালায় এসব কথা বলেন ইউজিসির চেয়ারম্যান। সকাল ৯ টায় উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
শিক্ষা-উচ্চশিক্ষা-গবেষণাসহ ভৌত অবকাঠামো উন্নয়ন ইত্যাদির একটি রূপরেখা তুলে ধরে ইউজিসির চেয়ারম্যান বলেন, বাঙালি বীরের জাতি, যেকোন চ্যালেঞ্জ মোকাবেলার সাহস ও শক্তি বাঙালির রয়েছে। তিনি বলেন, দেশের সাধারণ জনগণের অর্থে পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলোকে সার্বিক অর্থে বরাদ্দকৃত অর্থ শুদ্ধাচারের মাধ্যমে টেকসই উন্নয়নের জন্য বাস্তবসম্মত যুগোপযোগী পরিকল্পনা গ্রহণ এবং এর সফল বাস্তবায়নের কোন বিকল্প নেই।
আব্দুল মান্নান বলেন, তরুণ সমাজ আমাদের সবচেয়ে বড় সম্পদ। এ অমূল্য মানব সম্পদকে শক্তিতে রূপান্তর করার লক্ষ্যে আধুনিক বাংলাদেশের রূপকার, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে পরিচালিত সরকার সর্বোচ্চ আন্তরিকতাপূর্ণ সহযোগিতা অব্যাহত রেখেছেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি’র চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। অনুষ্ঠানে সভাপত্বি করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, ইউজিসি’র সচিব ড. মো. খালিদ, ইউজিসি’র পরিচালক ড. মো. ফকরুল ইসলাম এবং ইউজিসি’র অর্থ ও হিসাব শাখার পরিচালক রেজাউল করিম হাওলাদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব কে এম নূর আহমদ।