১৩ নভেম্বর ২০১৮, ১৪:৪৯

রাবি প্রশাসনের মাদক বিরোধী কার্যক্রম শুরু

  © টিডিসি ফটো

‘জীবন একটাই তাকে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ এই প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাদক বিরোধী কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা দপ্তরের উদ্যোগে লিফলেট বিতরণ ও মাদক বিরোধী র‌্যালি কর্মসূচী পালন করা হয়।

র‌্যালিটি বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মাদক বিরোধী কমিটির আহবায়ক ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু। এসময় অন্যান্যের মধ্যে মাদক বিরোধী কমিটির সদস্য প্রাধ্যক্ষ পরিষদের আহবায়ক অধ্যাপক. আব্দুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

মাদক বিরোধী কমিটির আহবায়ক অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু বলেন, মাদক বিরোধী কর্মসূচীর অংশ হিসেবে আমরা র‌্যালি ও লিফলেট বিতরণ করেছি। আগামীতে বিভাগ ও হল পর্যায়ে মাদক বিরোধী সেমিনার, কাউন্সেলিংসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হবে। এসময় শিক্ষক- শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন তিনি। 

উল্লেখ্য, এ বছরের ১১ জুলাই বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টাকে আহবায়ক করে মাদক বিরোধী কমিটি গঠন করা হয়। র‌্যালি ও লিফলেট বিতরণের মাধ্যমে ওই কমিটি কার্যক্রম শুরু করল।