রাবির এপিইই বিভাগকে ইইই করার দাবিতে অবস্থান কর্মসূচি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অ্যাপ্লাইড ফিজিক্স ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (এপিইই) বিভাগকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিভাগের শিক্ষার্থীরা। সোমবার সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম বিজ্ঞান ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এর আগে রোববারও একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
জানা যায়, ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগকে বিভিন্ন চাকরির বাজারে ‘ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং’ বিভাগের সমমান হিসেবে গ্রহণ করা হচ্ছে না। তাছাড়া সমপরিমাণ পরিশ্রম করা সত্ত্বেও শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ পদে আবেদন করতে পারছেন না। যেটা বিভাগীয় কর্তৃপক্ষকে বারবার অভিযোগ করেও কোনো ফল পাওয়া যায় নি। অন্যদিকে ফলিত পদার্থবিজ্ঞান থেকে বি.এস.সি সম্মান এর পরিবর্তে ‘বি.এসসি ইঞ্জিনিয়ারিং’ ডিগ্রী দেওয়া হয়।
শিক্ষার্থীরা বলছেন, সার্বিক বিবেচনায় দেখা যায় একই বিশ্ববিদ্যালয়ে ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থাকায় একই চাকুরিতে আবেদনের সুযোগ হারাতে হচ্ছে। তাই এর ফলে ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ করা প্রয়োজন।
প্রসঙ্গত ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে প্রায় সাদৃশ্যপূর্ণ সিলেবাসের উপর ইইই বিভাগে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করা হয়। দুই বিভাগ এক হবে কি না এ ব্যাপারে জানতে চাইলে এপিইই বিভাগের সভাপতি প্রফেসর নাহিদুল ইসলাম বলেন যেহেতু আলাদা দুইটি বিভাগ বর্তমানে রয়েছে সে ক্ষেত্রে এক হওয়ার বিষয়টি কতটুুক যৌক্তিক তা আগামীকাল বিভাগের এ্যকাডেমিক কাউন্সিলের মিটিং এ সিদ্ধান্ত হবে।