১১ নভেম্বর ২০১৮, ১১:২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে আজ রবিবার থেকে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞান শাখা (ইউনিট-১), মানবিক শাখা (ইউনিট-২), বাণিজ্য শাখাভুক্ত (ইউনিট-৩ ) বিভাগ ও বিশেষায়িত ৪টি বিভাগে (সঙ্গীত, চারুকলা, নাট্যকলা, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ) প্রকাশিত প্রথম ধাপে মেধা তালিকায় মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের ১১ থেকে ১৫ নভেম্বরের মধ্যে ভর্তি হতে হবে। দ্বিতীয় ধাপে (আসন শূন্য থাকা সাপেক্ষে) মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ১৮ থেকে ২২ নভেম্বরের মধ্যে, তৃতীয় ধাপে (আসন শূন্য থাকা সাপেক্ষে) মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ২৫ থেকে ২৭ নভেম্বরের মধ্যে এবং চতুর্থ ধাপে (আসন শূন্য থাকা সাপেক্ষে) মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ২ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে ভর্তির জন্য আহ্বান জানানো হয়েছে।

এছাড়া কোটায় আবেদনকারীদের সাক্ষাৎকার ২ ডিসেম্বর সকাল ১০টা থেকে সংশ্নিষ্ট ডিন অফিসে শুরু হবে। কোটার ফলাফল ৩ ডিসেম্বর প্রকাশিত হবে। ৪ থেকে ৬ ডিসেম্বরের মধ্যে ভর্তি হতে হবে।

মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ড ও প্রশংসাপত্র এবং প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি, সঙ্গে সত্যায়িত দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং অনলাইন থেকে প্রিন্টকৃত অ্যাডমিট কার্ড ও পরীক্ষার হলে পর্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত অ্যাডমিট কার্ড সঙ্গে আনতে হবে।

ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (jnu.ac.bd)  পাওয়া যাচ্ছে।