ছাত্রলীগ সভপতি-সম্পাদকের চেষ্টায় মুক্তিপণ ফেরত পেল রাবি শিক্ষার্থী
জিম্মি করে মুক্তিপণ নেওয়া ২০ হাজার টাকা ফেরত পেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সেই শিক্ষার্থী। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী শুক্রবার রাত ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে ভুক্তভোগী শিক্ষার্থীর হাতে টাকা তুলে দেন শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু।
এর আগে বৃহস্পতিবার রাতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীকে জিম্মি করে ২০ হাজার টাকা মুক্তিপণ নেয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক শাফিউর রহমান শাফি ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাইম ইসলাম। তখন ছাত্রলীগ বলেছিলো, ‘নাইম ছাত্রলীগের কেউ না। আর শাফিকে নাইম ফাঁসানোর চেষ্টা করেছে।’ তখন ছাত্রলীগ প্রতিশ্রুতি দিয়েছিলো- তারা ফারুকের টাকা উদ্ধার করে দিবে। যদিও টাকা নেওয়ার কথা তখন স্বীকার করে ওই ছাত্রলীগ নেতা শাফিউর। তবে আরেক অভিযুক্ত নাইম ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগী আল ফারুক টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আমাকে টাকা ফেরত এনে দিয়েছেন। তারা আমাকে শামসুজ্জোহা হলে একটি আবাসিক সিটের ব্যবস্থাও করে দিয়েছেন। আমি তাদেরকে পাশে পেয়ে কৃতজ্ঞ।’
ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘ছাত্রলীগের সহ-সম্পাদক শাফিউরকে ফাঁসিয়ে টাকা নিয়েছে মূলত নাইম ইসলাম। তার খোঁজ পাইনি এখনো। সব টাকা তার কাছে। নাইমের মা ৭ হাজার টাকা নিয়ে এসেছিলো। খুব কান্নাকাটি করেছে। আর আমরা ছাত্রলীগের পক্ষ থেকে ১৩ হাজার টাকার ব্যবস্থা করে মোট ২০ হাজার টাকা ফারুকের হাতে দিয়েছি।’ আর ফারুকের নিরাপত্তার কথা মাথায় রেখে তাকে হলের সিটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।