মানহানির প্রতিবাদে ইবির উপাচার্যকে চিঠি
মানহানির প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে লিখিত চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় প্রক্সিদাতাদের ফেস্টুনে ভুলক্রমে ওই শিক্ষার্থীর ছবি ব্যবহার করা হয়। সংশ্লিষ্টতা না থাকার পরও ফেস্টুনে ছবি ব্যবহার করার প্রতিবাদে এবং দ্রুত তা অপসারণের দাবিতে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বরাবর এই চিঠি দেন তিনি। তবে দুই দিন অতিক্রান্ত হবার পরও ওই ফেস্টুন সরায়নি প্রশাসন।
সূত্র জানায়, ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সচেতনতামূলক কিছু ফেস্টুন লাগানো হয়। এতে বিগত বছরগুলোতে প্রক্সি দিয়ে আটক হওয়া আসামীদের ছবিযুক্ত ফেস্টুনগুলোর ৮টির মধ্যে ২টি ছবিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আব্দুল মোতালেব’র ছবি জুড়ে দেয়া হয়।
মোতালেব জানায়, রাজনৈতিক মিথ্যা মামলায় আটক হবার ২টি ছবি ফেস্টুনে ব্যবহার করা হয়েছে। এঘটনার পর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর ও জনসংযোগ অফিসে তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে সেগুলো সারিয়ে ফেলার অনুরোধ জানায় সে। এছাড়া ভিসি, রেজিস্ট্রার ও সাংবাদিকদের বরাবর প্রতিকার চেয়ে লিখিত আবেদন করে। ঘটনার দুইদিন পার হলেও কোন ব্যবস্থা গ্রহণ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অভিযোগের ব্যাপারে ওসি মো: রতন শেখ বলেন, ‘ফেস্টুন তৈরীর জন্য প্রক্টর ড. মাহবুব আমার কাছে ছবি চেয়েছিলেন। আমার দেয়া ফাইল ফুটেজে তার দুটি ছবি ভুলবশত চলে যায়।’ প্রক্টর ড. মাহবুবর রহমান বলেন, ‘আমার কাছে ফোনে অভিযোগ করেছিল। তবে প্রশাসন থেকে আমাকে এখনও কোন সিদ্ধান্ত দেয়া হয়নি।’
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস.এম আব্দুল লতিফ বলেন, ‘ভিসি অফিসে এসংক্রান্ত একটি আবেদন এসেছে। এখনোও এটি নিয়ে কোন পদক্ষেপ নেয়া হয়নি।’