ফল বিপর্যয়: উত্তরপত্র পুনর্মূল্যায়ন চান শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত কলেজের ২০১২-১৩ শিক্ষাবর্ষের সম্মান চতুর্থ বর্ষের উত্তরপত্র পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন ভুক্তেভোগী শিক্ষার্থীরা। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। এ সময় পরীক্ষায় ‘গণহারে ফেল করানো হয়েছে’ বলেও অভিযোগ করেন তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, গত ১১ অক্টোবর চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশ হয়েছে। এতে দেখা যায়, অধিকাংশ বিভাগে ৮০ থেকে ৯০ শতাংশ শিক্ষার্থী ফেল করেছি। গণহারে ফেল, যা কোনোভাবেই কাম্য নয়। আমরা এই ফলাফল বিপর্যয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি। খাতার সঠিক মূল্যায়নের জন্য আবেদন করা হয়েছে। পরীক্ষা কমিটি এখন পর্যন্ত কোনো সাড়া দেননি। অবিলম্বে এই ফলাফলের একটা সমাধান দিয়ে মাস্টার্সে ভর্তির সুযোগ দিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
মানববন্ধনে বদরুন্নেসা মহিলা কলেজের শিক্ষার্থী সাদিয়া হক বলেন, আমাদের কলেজ থেকে ২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেই। দুর্ভাগ্যজনক হলেও সত্য ২৫ জনের একজনও পাস করেনি। একই হলের এক রুমে আমরা বসেছিলাম, তাদের সবাই অকৃতকার্য। আমরা আবারও খাতার পুনঃমূল্যায়ন চাই।
ঢাকা কলেজের শিক্ষার্থী মুশফিক বলেন, ২০১২/১৩ শিক্ষাবর্ষের ছাত্র আমরা। ২০১৬ সালে আমাদের অনার্স শেষ হওয়ার কথা থাকলেও ২০১৮ সালে এসে জানতে পারি- আমরা সবাই চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অকৃতকার্য হয়েছি। আমাদের এখানে বাংলা বিভাগ থেকে ১১৩ জনের মধ্যে মাত্র ১২ জন , দর্শন বিভাগে ১১৬ জনের মধ্যে ২৮ জন, ইতিহাস বিভাগে ১৪২ জনের মধ্যে ৭১ জন এবং ইংরেজি বিভাগে ১২৬ জনের মধ্যে মাত্র ১৪ জন পাস করেছে। তিনি বলেন, ভালোভাবে আমাদের পরীক্ষার খাতার মূল্যায়ন হয়নি। আমরা মানববন্ধন থেকে এর প্রতিবাদ জানাই, পুনরায় ফল মূল্যায়নের দাবি জানাই।
প্রসঙ্গত, গত বছরের ফেব্রুয়ারিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজধানীর সরকারি সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কলেজগুলো হলো-ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।