জাবিতে ভর্তি বৈষম্যের অভিযোগে হাইকোর্টের রুল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটে (কলা ও মানবিকী অনুষদ) ভর্তিচ্ছু মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে বৈষম্য করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই প্রেক্ষিতে ‘মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য আলাদা মেধা তালিকা তৈরি করা কেন অবৈধ হবে না’-জানতে চেয়ে রবিবার রুল জারি করেছে হাইকোর্ট। জাবি উপাচার্য, রেজিস্ট্রার, একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান, ভর্তি কমিটির সচিব এবং কলা ও মানবিকী অনুষদের ডিনকে এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
জাবিতে তিন ভর্তিচ্ছু’র করা রিট আবেদনের প্রাথমিক শুনানির পর রবিবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ইমরান এ সিদ্দিক ও অ্যাডভোকেট আবু রায়হান উদ্দিন।
এ বিষয়ে ব্যারিস্টার ইমরান এ সিদ্দিক জানান, বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩ ও ১৯৮৫ সালের আইন অনুসারে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে মাদ্রাসার শিক্ষার্থীরা সমমানের অধিকারী। কিন্তু ‘সি’ ইউনিটের মেধা তালিকায় মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য আলাদা ক্যাটাগরি তৈরি করা হয়েছে। এটা বৈষম্যমূলক এবং সংবিধানের ২৭ অনুচ্ছেদের লঙ্ঘন। এর কারণে আদালত এক সপ্তাহের রুল জারি করেছেন।’
এর আগে জাবির ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ‘সি’ ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য আলাদা মেধা তালিকা তৈরি করা হয়। কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য আলাদা মেধা তালিকার বৈধতার প্রশ্নে ভর্তিচ্ছু সাজ্জাদুল ইসলামসহ তিন শিক্ষার্থী হাইকোর্টে রিট দায়ের করেন। সে রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেন। ১৮ নভেম্বর ‘সি’ ইউনিটের মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারিত রয়েছে।