০৪ নভেম্বর ২০১৮, ১৫:৫৪

চাপাতির কোপে গুরুতর জখম রাবি কর্মচারী

সন্ত্রাসী হামলায় আহত রাবি কর্মচারী সোহেল রানা  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সোহেল রানা নামের এক চতুর্থ শ্রেণীর কর্মচারীকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শনিবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে নগরীর ধরমপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সোহেলের ভাতিজা রাইহান। তবে এ ঘটনায় জড়িতদের পরিচয় জানা যায়নি। ভুক্তভোগী সোহেল রানা বিশ্ববিদ্যালয়ের স্টুয়ার্ড শাখার (মাস্টার রোল) প্রহরী। 

সূত্র জানায়, সোহেল রানা বিশ্ববিদ্যালয়ে দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কয়েকজন তার মোবাইল ও ব্যবসার বিশ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। ধস্তাধস্তির একপর্যায়ে সোহেল রানাকে চাপাতি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে সন্ত্রাসীরা। পরে মোবাইল ও টাকা নিয়ে পালিয়ে যায় তারা। চাপাতির আঘাতে সোহেল রানার ঘাড়ে গুরুতর জখম হয়েছে। এছাড়াও শরীরের বিভিন্ন অংশে কেটে গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ধরমপুরের কর্মচারীর উপর হামলা চালিয়ে গুরুতর আহত হওয়ার ঘটনাটি শুনেছি। সেই ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য চেষ্টা চলছে। 

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, এ ঘটনায় লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।