০৪ নভেম্বর ২০১৮, ১৩:১২

মাউশি মহাপরিচালকের মরদেহ আসছে আজ, কাল দাফন

মাউশির মহাপরিচালক অধ্যাপক মো. মাহাবুবুর রহমান

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক মো. মাহাবুবুর রহমানের মরদেহ আজ রবিবার বিকালে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। শনিবার (৩ নভেম্বর) বাংলাদেশ সময় আনুমানিক দুপুর ১২ টা ১৫ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক-১) চন্দ্র শেখর হালদার জানান, মহাপরিচালকের মরদেহ আজ বিকাল সাড়ে ৫টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে। বাদ এশা অধিদপ্তর প্রাঙ্গনে নামাযে জানাজা অনুষ্ঠিত হবে। রাত ৯টায় মাগুরার শ্রীপুরে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে মরদেহ। সোমবার সকালে শ্রীপুর উপজেলার কাজলি স্কুল মাঠে দ্বিতীয় দফা নামাযে জানাজা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে তৃতীয় দফা নামাযে জানাজা শেষে আলীপুর কবরস্থানে তাঁকে দাফন দেয়া হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের  মহাপরিচালক  অধ্যাপক মাহাবুবুর রহমানের  মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।  শোকবার্তায় শিক্ষামন্ত্রী বলেন, মরহুম মাহাবুবুর রহমান একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন। তার অভাব সহজে পূরণ হওয়ার নয়। তার মৃত্যুতে শিক্ষা পরিবারের সবাই গভীরভাবে শোকাহত।  মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

মহাপরিচালকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) সভাপতি সিদ্দিকুর রহমান খান এবং সাধারণ সম্পাদক সাব্বির নেওয়াজ , স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদ,  বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ), জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য় ড. হারুন অর রশিদ , বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা তৃতীয় শ্রেণি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ উপজেলা মাধ্যমিক অফিস কর্মচারী সমিতি, বাংলাদেশ  মাধ্যমিক শিক্ষা কর্মচারী কল্যাণ পরিষদ, শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি।

প্রসঙ্গত, ফুসফুসের রোগে আক্রান্ত গত ২৩ সেপ্টেম্বর থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউতে ‘ইসিএমও’ সাপোর্টসহ লাইফ সাপোর্টে ছিলেন তিনি।গত ১৯ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন মহাপরিচালক অধ্যাপক মাহাবুবুর রহমান। সেদিন রাতেই পরিস্থিতির অবনতি হলে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএসএমইউ) ভর্তি করা হয়। গত ২০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত তাঁকে অক্সিজেন দিয়ে কেবিন ব্লকের ৭ম তলার আইসিইউতে রাখা হয়েছিল। এরপর গত ২৩ সেপ্টেম্বর অবস্থার অবনতি হলে তাঁকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।