০১ নভেম্বর ২০১৮, ১৯:৪০

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নামসর্বস্ব ঔষধি বাগান

  © টিডিসি ফটো

নামফলকে লেখা আছে ঔষধি বাগান কিন্তু চারপাশে কোন গাছের চিহ্ন নেই। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের নিচে অবস্থিত নামসর্বস্ব এই বাগানটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বাগানটি বিজ্ঞান অনুষদের ফার্মেসী বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। 

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৬ সালের ডিসেম্বর মাসে ফার্মেসী বিভাগের এ বাগানটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মো: আলী আশরাফ। শুরুর দিকে অল্প কয়েকটি গাছ থাকলেও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কাজের উপকরণ রাখায় সেই গাছগুলিও নষ্ট হয়ে গেছে। 

ফার্মেসী বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মোঃ এনামুল হক বলেন, ‘বাগানের জন্য দশ হাজার টাকা বাজেট দেয়া হয়েছে। শিক্ষার্থীদের সমন্বয়ে খুব শীঘ্রই আমরা বাগানের কাজ শুরু করবো।’

ফার্মেসী সোসাইটির সাধারণ সম্পাদক ও বিভাগের শিক্ষার্থী কাউসার হামিদ জীবন বলেন, ‘ফার্মেসী সোসাইটি বাগানের দেখাশোনা করে। তবে বেশ কিছুদিন ধরে ঐ জায়গায় রড, সিমেন্ট রাখায় বাগানটি নষ্ট হয়ে যায়। আমাদের সোসাইটির মিটিংয়ে বাগানের জন্য বাজেট দেয়া হয়েছে। চারপাশে বেড়া দিয়ে আমরা এখানে নতুন করে বিভিন্ন ধরণের গাছ লাগাবো।’