বার্ষিক পরীক্ষা শেষ করতে হবে ১০ ডিসেম্বরের মধ্যে
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ১০ ডিসেম্বরের মধ্যে সব ধরনের বার্ষিক পরীক্ষা শেষ করতে দেশের শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার দুপুরে নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নেয়া সিদ্ধান্তের প্রেক্ষিতে দেশের সব শিক্ষা বোর্ডকে এই নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।
এই প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ বলেন, ‘নির্বাচনের বিষয়টি মাথায় রেখে পরীক্ষা দ্রুত শেষ করার প্রস্তুতি আগে থেকেই নেওয়া ছিল। এরমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা বলা হয়েছে। সে আলোকে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সব বার্ষিক পরীক্ষা শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।’
এর আগে দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের কার্যালয়ে নির্বাচনের প্রাক প্রস্তুতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, সব ধরনের বার্ষিক এবং ভর্তি পরীক্ষা শেষ করতে বোর্ড, মন্ত্রণালয় ও অধিদফতরকে নির্দেশনা দেয়া হয়েছে। ‘তাদেরকে আমরা বলেছি, স্কুল ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান যেহেতু ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে, একই সঙ্গে শিক্ষকরা ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে কাজ করবেন, তাই ১০ ডিসেম্বরের আগেই সব স্কুলের পরীক্ষা ক্লাস ও পরীক্ষা কার্যক্রম শেষ করে স্কুল কক্ষগুলো ফ্রি করে দিতে হবে’।
এর আগে সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে চতুর্থ শ্রেণির বার্ষিক আগামী ১১ থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে হওয়ার কথা থাকলেও তা ৬ ডিসেম্বরের মধ্যে শেষ করতে বলা হয়েছে।