৩১ অক্টোবর ২০১৮, ১৮:১১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলা শুক্রবার

প্রজাপতি  © সংগৃহীত

‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নবমবারের মতো প্রজাপতি মেলা অনুষ্ঠিত হবে শুক্রবার। প্রজাপতি সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে এ মেলার আয়োজন করা হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, শুক্রবার সকাল সাড়ে নয়টায় মেলা শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলবে। দিনব্যাপী মেলার আয়োজনে থাকছে র‌্যালি, প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতির হাট দর্শন, প্রজাপতি ও প্রকৃতি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, প্রজাপতি ও জলবায়ু সম্পর্কে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতি চেনা প্রতিযোগিতা, ডকুমেন্টারি প্রদর্শনী এবং পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। এসব প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী প্রতিযোগীদেরকে মেলার দিন সকাল নয়টার মধ্যে স্বশরীরে উপস্থিত থেকে নিবন্ধন করার আহ্বান জানানো হয়েছে।

অধ্যাপক মো. মনোয়ার হোসেন বলেন, মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। এবারের প্রজাপতি মেলার টাইটেল স্পনসর হয়েছে ‘কিউট’। সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার (আইইউসিএন), প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ বন বিভাগ।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মনোয়ার হোসেন বলেন, ২০১০ সাল থেকে প্রতিবছর প্রজাপতি মেলার আয়োজন করছে প্রাণীবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা। আমরা অনেকাংশেই সফল হয়েছি। ছোট বাচ্চাদেরকে প্রজাপতির প্রজাতিগুলো চেনাতে পেরেছি। এছাড়াও রাজধানীর গুলশান ও বনানীর বাড়িগুলোতে প্রজাপতির বসবাসযোগ্য বাগান তৈরির কাজ চলছে।