ড্রয়িং শিখতে এসে যৌন হয়রানির শিকার ভর্তিচ্ছু ছাত্রী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সি-১ ইউনিটে ভর্তিচ্ছু এক ছাত্রী ড্রয়িং শিখতে এসে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর কাছে যৌন হয়রানির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী ছাত্রী। অভিযুক্ত নাসিম ঐশ্বর্য আহমেদ জাবির চারুকলা বিভাগের ৪৫তম ব্যাচ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে জাবির সি-১ ইউনিটের অধীনে চারুকলা বিভাগে ভর্তির ভাইভার প্রস্তুতি নেয়ার জন্য নাসিমের কাছে ড্রয়িং শিখতেন অভিযোগকারী ওই ছাত্রী। বুধবার (২৯ অক্টোবর) ড্রয়িং শিখতে ক্যাম্পাসে আসলে নাসিম তাকে জিমনেসিয়ামের দুই তলায় নিয়ে যায়। এ সময় নাসিম তাকে শরীরের আপত্তিকর অঙ্গের ছবি আঁকতে বলে। এক পর্যায়ে নাসিম অভিযোগকারীর শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয়। অভিযোগকারী নিষেধ করলে নাসিম বলে ‘এটাই শেখানোর নিয়ম’। পরে নাসিম তার নিজের গোপনাঙ্গ দেখিয়ে ওটার ছবি আঁকতে নির্দেশনা দিয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করেছে ওই ছাত্রী।
অভিযোগের বিষয়ে জনতে চাইলে নাসিম ঐশ্বর্য আহমেদ নিজের দোষ স্বীকার করে বলেন, ‘সেই সময়ে আমি মানসিকভাবে অসুস্থ ছিলাম। পরবর্তীতে তিন মিনিট পর যখন আমি বুঝতে পারি কাজটি ঠিক হচ্ছে না তখন আমি নিজেকে সামলে নিই। আমি আমার ভুল বুঝতে পেরেছি। পরে আমি ওই শিক্ষার্থীর কাছে ক্ষমা চেয়েছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিকদার মো. জুলকারনাইন বলেন, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। অভিযোগকারী চাইলে রাষ্ট্রীয় আইনে ব্যবস্থা নিতে পারবে।’ তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ভর্তিচ্ছুদের পড়ানোর কোন নিয়ম নেই। সে ভর্তিচ্ছুকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পড়িয়ে আরো একটি নিয়ম ভঙ্গ করেছে। আর যারা এ নিয়ম ভঙ্গ করছে তাদের বিরুদ্ধেও প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক এম. এম. ময়েজ উদ্দিন বলেন, ‘ঘটনাটি জেনেছি। এটি আমার বিভাগের জন্য লজ্জাজনক। প্রক্টর বরাবর সেই ভর্তিচ্ছু লিখিত অভিযোগ দিয়েছে বলে জেনেছি।’