৩১ অক্টোবর ২০১৮, ১৭:০৪

‘জেলা পর্যায়ে তৈরি হচ্ছে বিজ্ঞান গবেষণাগার’

‘শিল্প গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও উন্নয়ন অগ্রযাত্রায় বিসিএসআইআর’ শীর্ষক কর্মশালায় বক্তারা  © টিডিসি ফটো

দেশের বিভাগীয় শহরগুলো ছাড়াও সম্ভাবনাময় জেলাগুলোতে বিজ্ঞান গবেষণাগার তৈরি করা হচ্ছে। এরই মধ্যে গোপালগঞ্জ ছাড়াও বেশ কয়েকটি জেলায় ভূমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। এছাড়া প্রত্যেক জেলায় থাকবে কেন্দ্রীয় গবেষণাগার।  দেশীয় কাচামাল ব্যবহারে এসব গবেষণাগারে উদ্ভাবন করা হবে শিল্পে ব্যবহার উপযোগী প্রযুক্তি।

বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বিজ্ঞান ও শিল্প গবেষণাগারে আয়োজিত ‘শিল্প গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও উন্নয়ন অগ্রযাত্রায় বিসিএসআইআর’ শীর্ষক এক কর্মশালায় এসব তথ্য জানান বাংলাদেশ সরকারের যুগ্ম-সচিব ও কেন্দ্রীয় বিজ্ঞান গবেষণাগারের সদস্য বেনজামিন হেমব্রম। 

এর আগে সকাল ১০টায় কর্মশালাটি শুরু হয়।  অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন গবেষণাগারের বিজ্ঞানী শারমিনা ইয়াসমিন। পরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মঈনুদ্দিন। কর্মশালায় রাজশাহী বিজ্ঞান গবেষণাগারের পরিচালক মুহা. ওবায়দুল হক হেলালীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ণ ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সি এম মোস্তফা, রাজশাহী মহিলা চেম্বার অব কমার্সের সভাপতি রোজেটি নাজনীন, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন প্রমুখ। 

কর্মশালায় এই গবেষণাগারে উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি বাজারজাতকরণের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।