খালেদা জিয়ার রায়ে জাবি শিক্ষকদের প্রতিবাদ
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাত বছর কারাদন্ডের রায়ের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিএনপিপন্থী শিক্ষকরা।
মঙ্গলবার বিকেলে জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ব্যানারে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, জিয়া চ্যারিট্যাবল ট্রাস্ট দুর্নীতির ‘মিথ্যা’ মামলার রায় ‘ফরমায়েশী ও প্রতিহিংসামূলক’। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া ও তার দল বিএনপিকে অংশ নেওয়া থেকে বিরত রাখতে এবং একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার জন্য এই ‘ভিত্তিহীন’ মামলার রায় দেওয়া হয়েছে।
বিবৃতিতে এই রায় বাতিল করে খালেদা জিয়াকে শিগগিরই মুক্তি দেওয়ার দাবি জানানো হয়।
বিবৃতিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক সৈয়দ কামরুল আহছান, যুগ্ম-আহ্বায়ক শামসুল আলম, মোহাম্মদ কামরুল আহসান, সদস্য সচিব শরিফ উদ্দিনসহ ৮৩জন শিক্ষক স্বাক্ষর করেন।