জামিনের ২১ দিন পর মুক্তি পেলেন চবি শিক্ষক মাইদুল ইসলাম
উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার ২১ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলাম।প্রধানমন্ত্রীকে কটুক্তির অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় ২৪ সেপ্টেম্বর থেকে জামিনের আগ পর্যন্ত কারাগারে ছিলেন চবি শিক্ষক মাইদুল ইসলাম। টানা ৩৭ দিন কারাভোগের পর মুক্তি মিলেছে চবির সমাজতত্ত্ব বিভাগের এই সহকারী অধ্যাপকের।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান ‘সোমবার রাতে উচ্চ আদালতের জামিন আদেশ কারাগারে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই করে মাইদুল ইসলামকে মুক্তি দেওয়া হয়েছে।’গত ৯ অক্টোবর বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ ছয় মাসের জামিন মঞ্জুর করেছিলো মাইদুল ইসলামের। তবে তা ঢাকা থেকে চট্টগ্রামের কারাগারে পৌঁছাতেই লেগেছে ২০ দিন।
আসামী পক্ষের আইনজীবী ভুলন লাল ভৌমিক বলেন, হাই কোর্টের জামিন আদেশ গতকাল এসে পৌঁছেছে। বেইল বন্ড জমা দেয়ার পর আজ সকালে তিনি মুক্তি পেয়েছেন।
মুক্তির পর শিক্ষক মাইদুল বলেন, ‘মুক্তি পেয়ে সাময়িক খুশি হলেও আমি পুরোপুরি আনন্দিত নই। মতপ্রকাশ করতে গিয়ে এখনও অনেকে কারাগারে আছেন। রাষ্ট্র যেভাবে মুক্তবুদ্ধির চোয়ালে আঘাত হানছে এটা সত্যিই কাম্য নয়। প্রতিনিয়ত মুক্তবুদ্ধি, মুক্তচিন্তা, সেক্যুলারিজম ও মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হয়ে থাকে। তাহলে মুক্তচিন্তার প্রকাশে বাধাগ্রস্ত হওয়া কতটুকু যৌক্তিক?’
এর আগে গত ২৩ জুলাই চট্টগ্রামের হাটহাজারী থানায় মাইদুল ইসলামের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করেন চবি ছাত্রলীগের সাবেক সদস্য ইফতেখার উদ্দীন আয়াজ। উচ্চ আদালত থেকে দেয়া জামিনের নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পর মাইদুল ইসলাম গত ২৪ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।সর্বশেষ গত ৮ অক্টোবর চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সারের আদেশে মাইদুল ইসলামকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছিলো।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে ছাত্র-ছাত্রীদের পক্ষ নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ফেইসবুকে পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছিলো চবির সমাজতত্ত্ব বিভাগের এই সহকারী অধ্যাপক মাইদুল ইসলামের বিরুদ্ধে।
পরে চবি ছাত্রলীগের সাবেক সদস্য ইফতেখার উদ্দিন আয়েজ গত ২৩ জুলাই হাটহাজারী থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।