৩০ অক্টোবর ২০১৮, ১৬:২৬

ইবিতে ‘ডিজিটাল লাইব্রেরী অ্যান্ড সার্ভিসেস’ শীর্ষক কর্মশালা শুরু

  © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই দিনব্যাপী ‘ডিজিটাল লাইব্রেরী অ্যান্ড সার্ভিসেস’ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে লাইব্রেরীর স্টাফদের নিয়ে মঙ্গলবার কেন্দ্রীয় লাইব্রেরীতে এ কর্মশালা শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশানাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক অধ্যাপক ড. এ কে এম আব্দুস সোবহানের সভাপতিত্বে কর্মশালার প্রথমদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অিতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

কর্মশালায় উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী লাইব্রেরী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘লাইব্রেরী বিশ্ববিদ্যালয়ের থেকেও গুরুত্বপূর্ণ কারণ একটি বিশ্ববিদ্যালয় হলো লাইব্রেরীর চারপাশে পরিবেষ্ঠিত কিছু ভবন। সুতরাং এতে করে বোঝা যায় লাইব্রেরীর গুরুত্ব। লাইব্রেরী হচ্ছে একটি সুপ্ত আগ্নেয়গিরি যেখানে মানবসৃষ্ট ধৃত জ্ঞান সুপ্ত রয়েছে’ । এসময় তিনি একুশ শতকের উপযোগী করে লাইব্রেরী গড়ে তুলার উপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন চিটাগাং ভেটেনারী অ্যান্ড এ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক হাবিবুর রহমান। এছাড়া কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমানসহ লাইব্রেরীর বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।