২৯ অক্টোবর ২০১৮, ২১:১৭

খালেদা জিয়ার সাজা বাতিলের দাবি ঢাবি সাদা দলের শিক্ষকদের

  © সংগৃহীত

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭ বছরের কারাদণ্ড প্রদানের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্বদ্যিালয়ের(ঢাবি) বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। একই সঙ্গে তারা খালেদা জিয়ার সাজা বাতিল ও মুক্তির দাবি জানিয়েছেন। সোমবার সাদা দলের আহ্বায়ক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। 

বিবৃতিতে সাদা দলের শিক্ষকরা বলেন, ‘বর্তমান সরকার শুরু থেকেই বিএনপিকে ধ্বংস ও জিয়া পরিবারকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা মামলা ও নানাভাবে হয়রানি করে আসছে। আমরা মনে করি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ থেকে বেগম খালেদা জিয়া এবং তাঁর দল বিএনপিকে বিরত রাখার মাধ্যমে একটি একতরফা নির্বাচন করে পুনরায় ক্ষমতায় যাওয়ার ধারাবাহিক অপকৌশলের অংশ হিসেবেই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির একটি ভিত্তিহীন সাজানো মামলায় তাঁকে সাজা দেয়া হয়েছে। আমরা এ হীন প্রচেষ্টার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি’।

শিক্ষকরা আরও বলেন, ‘বাংলাদেশ আজ এক চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে। এ অবস্থা চলতে পারে না। আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা চাই। এজন্য প্রয়োজন সকলের অংশগ্রহণমূলক একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন। আর এরূপ একটি নির্বাচনের স্বার্থে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সকল মামলার রায় পুনর্বিচেনা করে তাঁকে দেয়া সাজা বাতিল এবং অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করছি’।