২৯ অক্টোবর ২০১৮, ২০:৩৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘অধিকতর উন্নয়ন’ প্রকল্প বাস্তবায়নে মতবিনিময় সভা

  © টিডিসি ফটো

সদ্য পাস হওয়া ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন’ প্রকল্প বাস্তবায়নে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রবিউল আউয়াল চৌধুরী সঞ্চালনায় শিক্ষকদের সাথে এবং দুপুর আড়াইটায় কর্মকর্তা-কর্মচারীদের সাথে পৃথক দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ আবু তাহের প্রকল্পটি নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূরীকরণে সকলকে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন,‘শুরুতে বর্তমান ক্যাম্পাসের লাগোয়া জায়গাতেই ভূমি অধিগ্রহণের জন্য প্রকল্প জমা দেওয়া হয়েছিল।  বর্তমান ক্যাম্পাস লাগোয়া জায়গা থেকে ২০০ একর ভূমি অধিগ্রহণ করতে ১৫০০ কোটি টাকা ব্যয় হতো। কিন্তু বর্তমান ক্যাম্পাস থেকে ১.২ কিলোমিটার দূরে মাত্র ৫০৯ কোটি টাকায় ২০০ একর ভূমি অধিগ্রহণ করা হবে’। 

তিনি আরও বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় লোকজনও ক্ষতিগ্রস্ত হবে না। বরং এ এলাকায় উন্নয়নের পরিমাণ বাড়বে। ফলে তারা আরও লাভবান হবে। তিনি সবাইকে বিভ্রান্তি পরিহার করে প্রকল্পটির বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন,‘পাশকৃত প্রকল্পলটি বাস্তবায়িত হলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল সংকট দূরীভূত হবে এবং সকল ধরনের প্রয়োজন মেটানো সম্ভবপর হবে। প্রকল্প নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র হতে পারে। তবে আমরা সতর্ক আছি’। এছাড়াও তিনি বর্তমান ক্যাম্পাসে রাস্তাঘাটের উন্নয়ন, ফটক তৈরি, দশটি নতুন বাস বরাদ্দের ব্যবস্থা রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর, ২০১৮ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ১১তম সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন ও সম্প্রসারণের জন্য ১৬৫৫ কোটি ৫০ লাখ টাকার মেগা প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।