২৮ অক্টোবর ২০১৮, ১৫:৩১

জাবি ছাত্র মাহমুদ ‘হত্যাকাণ্ডে’ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

  © টিডিসি ফটো

রাজধানীর ধানমন্ডিতে এক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী মাহমুদ বিন আশরাফ প্রান্ত’র মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড উল্লেখ করে এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জাবির দর্শন বিভাগের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পার্শবর্তী রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক মোস্তাফা নাজমুল মানছুর বলেন, ‘মাহমুদের মৃত্যু কোন স্বাভাবিক মৃত্যু নয়। এটা একটা হত্যাকাণ্ড। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি। এর জন্য আমাদের যে ধরনের পদক্ষেপ নেয়া প্রয়োজন বিভাগের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেয়া হবে।’
তিনি আরো বলেন, ‘সোমবার বেলা ১২টায় নতুন কলা ভবনের সামনে থেকে একটি শোক র‌্যালি বের করা হবে। র‌্যালি শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়া হবে।’

এসময় মাহমুদের সহপাঠী মীর হাসিবুল হাসান রিশাদ বলেন, ‘একটি হত্যাকাণ্ডের কারণে আমরা আমাদের বন্ধুকে হারিয়েছি। এভাবে যেন আর কাউকে বন্ধুহারা হতে না হয়। তাই আমরা আজকে এই প্রতিবাদে অংশগ্রহণ করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা প্রতিবাদ চালিয়ে যাবো।’ প্রতিবাদের সাথে একাত্মতা ঘোষণা করে মানববন্ধনে অংশগ্রহণ করেছে জাবি সাংস্কৃতিক জোট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদ, ছাত্রফ্রন্ট জাবি শাখা।

প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় মাহমুদ ১০-১২জন বন্ধুসহ রাজধানীর ধানমন্ডির মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন জাহাজ বাড়ির পাশের গলিতে ক্রিকেট খেলছিলেন। হঠাৎ পার্শবর্তী নির্মাণাধীন ভবনের উপর থেকে একটি লোহার পাত পাশে থাকা ট্রান্সফরমারে এসে পড়ে। এতে ট্রান্সফরমারটি বিস্ফোরিত হয়। একইসাথে লোহার পাতটি ছিটকে এসে মাহমুদ ও তার বন্ধু ইভানের উপর পড়ে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহমুদকে মৃত ঘোষণা করেন।