চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইসিটি সেলের ফলক উন্মোচন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইসিটি সেলের মাধ্যমে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় নিজস্ব অটোমেশন পদ্ধতির মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু করেছে। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ এবং বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য আনন্দের ও গৌরবের বিষয় বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, শিক্ষক-গবেষকদের শিক্ষা-গবেষণা কার্যক্রম আরও গতিশীল করতে আইসিটি সেল ভূমিকা রাখবে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের ফলক উন্মোচন কার্যক্রম উদ্বোধন কালে এ সব কথা বলেন উপাচার্য। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, সিন্ডিকেট সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, রেজিস্ট্রার, হলের প্রভোস্টবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, আইসিটি সেলের পরিচালক এবং সহকারী পরিচালকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় উপাচার্য বলেন, আইসিটি সেলের মাধ্যমে বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়ের সাথে জ্ঞানের আদান-প্রদানের মাধ্যমে আমাদের শিক্ষক-গবেষক ও শিক্ষার্থীবৃন্দ নিজেদের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করার সুযোগ পাবে বলে। এছাড়া তিনি এ সব সুযোগ-সুবিধার যথাযথ ব্যবহার সুনিশ্চিতকল্পে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করেন। উদ্বোধন শেষে সকলের শান্তি-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন চবির কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন।