২৫ অক্টোবর ২০১৮, ২০:৫৯

অধিক ভাড়া আদায়ে নোবিপ্রবিতে বিপাকে ভর্তিচ্ছুরা

  © ফাইল ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেনীর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা আগামীকাল থেকে শুরু হবে। যা চলবে ২৮ অক্টোবর পর্যন্ত।  এই পরীক্ষাকে কেন্দ্র করে ঢাকা-নোয়াখালী রুটে প্রতিবারের মত এবারও স্বাভাবিকের চেয়ে বেশি ভাড়া নিচ্ছে বাস মালিকরা।

এবার নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে প্রায় ৫০ হাজার শিক্ষার্থী, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই পরীক্ষায় অংশ নিতে আসা অধিকাংশ ভর্তিচ্ছুদেরকে ঢাকা-নোয়াখালী মহাসড়ক দিয়ে যাতায়াত করতে হয়। পরীক্ষার এই সময়ে বাস মালিকরা নিয়মিতের চেয়ে দেড়গুণ ভাড়া হাতিয়ে নেয় ভর্তিচ্ছুদের কাছ থেকে। যেখানে ঢাকা থেকে নোয়াখালী যাতায়াতের নির্ধারিত বাস ভাড়া ৩৮০ টাকা, সেখানে ভর্তি পরীক্ষা উপলক্ষে এই ভাড়া চার'শ থেকে পাঁচ'শ টাকা পর্যন্ত নিচ্ছে এই রুটের বিভিন্ন পরিবহন মালিকরা ।

ভর্তি পরীক্ষার দু'দিন আগে হিমাচল এবং একুশের একাধিক কাউন্টারে যোগাযোগ করা হলে প্রথমে তারা অগ্রিম টিকিট বন্ধ করে এবং ভাড়া বৃদ্ধির কথা জানায়। পরবর্তীতে যোগাযোগ করা হলে তারা ভাড়া বৃদ্ধির বিষয়টি অস্বীকার করে। তবে কয়েকজন ভর্তিচ্ছুর টিকিট চেক করে  হিমাচল এবং একুশে নামক এই পরিবহন দুটির ভাড়া বৃদ্ধির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

এ বিষয়ে ভর্তিচ্ছু এক শিক্ষার্থীর কাছে জানতে চাইলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ভর্তি পরীক্ষার কারণে আমাদেরকে ছুটে বেড়াতে হয় দেশের বিভিন্ন প্রান্তে থাকা বিশ্ববিদ্যালয়গুলোতে। ঠিক এসময় অবৈধ ভাড়া বাণিজ্যের সুযোগ নেয় বিভিন্ন রুটের বাস মালিকরা। তারা এসময় স্বাভাবিকের চেয়ে দেড় থেকে দ্বিগুণ ভাড়া আাদয় করে নেয়। যা আমাদের ভোগান্তির মাত্রা বৃদ্ধি করে।

এ ব্যাপারে আরেকজন ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, গত সেশনে ভর্তি পরীক্ষার সময় শিক্ষার্থীদের থেকে স্বাভাবিকের চেয়ে দেড়গুণ ভাড়া নেওয়া হয়েছিল। এবারও ভাড়া বৃদ্ধি করছে ঠিক একই মাত্রায়।

ভাড়া বৃদ্ধির ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রোক্টর ড. এস এম নজরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি দি ডেইলী ক্যাম্পাসকে বলেন, এই ব্যাপারে ভর্তি কমিটির মিটিং এ আলোচনা হয়েছে। আমরা স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে পরিবহনগুলোর সাথে কথা বললে তারা ভাড়া বৃদ্ধি না করার আশ্বাস দেয়। তারপরও যেহেতু আমাদের কাছে ভাড়া বৃদ্ধির অভিযোগ এসেছে আমরা বিষয়টি খতিয়ে দেখবো।