আত্মহত্যা প্রতিরোধে ইবিতে পথসভা অনুষ্ঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরসহ বিভিন্ন স্থানে এ সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় শিল্প-সংশ্লিষ্ট সৃজনশীল সংগঠন ‘বুনন’ এ কর্মসূচির আয়োজন করে। পথসভা শেষে সংগঠনটির সদস্যরা শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
এ বিষয়ে ‘বুনন’ এর সভাপতি অহিনা মোস্তফা জানান, ‘বর্তমান প্রজন্মের মাঝে আত্মহত্যার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের ক্যাম্পাসে এই প্রবণতা আরো বেশি। সর্বশেষ গত ৬ মাসে আমাদের ক্যাম্পাসে ৪ জন শিক্ষার্থী এই পথ বেছে নিয়েছে। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যেই আমাদের এই সচেতনতামূলক পথসভা’।
‘বুনন’ এর উদ্যোগে আগামীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও আবাসিক হলগুলোতে আত্মহত্যা প্রতিরোধ সংক্রান্ত ক্যাম্পেইন করা হবে বলে জানান তিনি।