বর্ণাঢ্য আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস পালিত
বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অদম্য ১৩ বছর পূর্তি উৎসব উদযাপিত হয়েছে। আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। পরে বিশ্ববিদ্যায়ের শিক্ষক-শিক্ষার্থীরা ১৩তম বিশ্ববিদ্যালয় দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র্যালি বের করেন। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু করে পুরান ঢাকার রায় সাহেব বাজার প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে শেষ হয়। বেলা ১২টায় নতুন একাডেমিক ভবনের নিচতলায় বার্ষিক চারুকলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এবং দিনব্যাপী ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় প্রকাশনা প্রদর্শনীর আয়োজন করা হয়।
এর আগে সকাল সাড়ে ১০টায় সামাজিক বিজ্ঞান ভবন চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কমচারীকে অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, “এবারের বিশ্ববিদ্যালয় দিবসের আনন্দ বিগত বছরগুলোর তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে একনেকে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন : ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন’ প্রকল্পের আর্থিক অনুমোদনের ফলে।
আলোচনা সভায় ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০১৮’ উদ্যাপন কমিটির সদস্য-সচিব ও রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান-এর সঞ্চালনায় ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া, বিভিন্ন অনুষদের অনুষদের ডিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ. কে. এম. মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আব্দুল বাকী, বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেল, জাসদ ছাত্রলীগের সভাপতি, কর্মচারী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি প্রমুখ বক্তব্য প্রদান করেন।
আলোচনা অনুষ্ঠান শেষে সামাজিক বিজ্ঞান ভবন চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়। শিল্পীরা মনোমুগ্ধকর গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন। এদিকে, নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে যাত্রাপাত্রা পরিবেশিত হয়।