ভর্তি বাণিজ্য বন্ধের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বাকৃবি প্রশাসন
‘ভর্তি বাণিজ্য বন্ধের প্রতিশ্রুতি দিলেও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসন বারবারই তা ভঙ্গ করে চলেছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন ফি ৭০০ টাকা দিলেও বাদ পড়া আবেদনকারীরা তাদের টাকা ফেরত পান না। শুধুমাত্র তাদের যোগ্যতা যাচাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আবেদন ফি বাবদ ৭০০ টাকা নেয় যা শিক্ষার্থীদের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবিচার’।
২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনকারী সকল শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান অথবা বাদ পড়া আবেদনকারীদের আবেদন ফি ফেরত দেয়ার দাবিতে সোমবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাকৃবি সংসদের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত শুক্রবার ভর্তি পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করে ভর্তি কমিটি। তারা জানায়, এবছর অনলাইনে প্রায় ২০ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। তবে এসএসসি ও এইচএসসিতে বা সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে সমষ্টিগতভাবে নূন্যতম জিপিএ ৯.৪২ প্রাপ্ত মোট ১২ হাজার ৩০০ জনকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়েছে যেখানে প্রায় সাড়ে সাত হাজার আবেদনকারী বাদ পড়েছেন।