২২ অক্টোবর ২০১৮, ১৪:১৬

পুলিশ কমপ্লেক্স নিমার্ণে চবি উপাচার্যের ১ লক্ষ টাকা অনুদান

  © টিডিসি ফটো

চট্টগ্রাম আগ্রাবাদ ছোটপুলস্থ পুলিশ কমপ্লেক্স নির্মাণে সহায়তার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার ব্যক্তিগত তহবিল থেকে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন। আজ সোমবার সকাল ১১টায় উপাচার্য দপ্তরের সভা কক্ষে চট্টগ্রাম বিভাগের ডিআইজি খোন্দকার গোলাম ফারুককে এ চেক হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

এ সময় পুলিশ সুপার নুরে আলম মিনা, চট্টগ্রাম জেলা শাখার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মহিউদ্দিন মাহমুদ সোহেল, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী, সহকারী প্রক্টর লিটন মিত্র ও মোহাম্মদ নিয়াজ মোরশেদ রিপন উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু তনয়া আধুনিক বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুযোগ্য ও গতিশীল নেতৃত্বে বর্তমানে দেশের আইন-শৃংখলা পরিস্থিতি অভূতপূর্ব উন্নয়নের ফলে দেশ যেভাবে উন্নয়নের দিকে এগিয়ে চলেছে ইতোমধ্যে তা বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে। এটি সম্ভব হয়েছে দেশের সাধারণ জনগণসহ আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর একনিষ্ঠ আন্তরিকতা ও স্ব স্ব দায়িত্ব পালনে একাগ্রতার ফলে’।

দেশের সাধারণ জনগণের জান-মাল রক্ষা এবং বিরাজমান শান্তি-শৃংখলা অক্ষুন্ন রাখতে সার্বিকভাবে সরকারকে সহযোগিতা প্রদানের জন্য মাননীয় উপাচার্য আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানান।

এসময় ডিআইজি খোন্দকার গোলাম ফারুক পুলিশ কমপ্লেক্স নির্মাণের আর্থিক সহায়তা প্রদান করায় উপাচার্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এর আগে উপাচার্য পুলিশ কমপ্লেক্স-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এ আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেন তিনি।