২২ অক্টোবর ২০১৮, ১২:৫৮

রাবির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটভুক্ত বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টায় ওই ইউনিটের ‘সি-১’ গ্রুপের পরীক্ষা শুরু হয়ে ৯ টা পর্যন্ত চলে। পরে সি ২ গ্রুপের পরীক্ষা শুরু হয় ১০ টায়। এখন চলছে জীব ও ভূবিজ্ঞান এবং কৃষি অনুষদ ভুক্ত ডি ইউনিটের প্রথম গ্রুপের পরীক্ষা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রথম দিনের ভর্তি পরীক্ষায় সি ইউনিটে মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে ৩১ হাজার ৯জন শিক্ষার্থী।

এর আগে সকাল ৮ টায় পরীক্ষা শুরুর পর কেন্দ্র পরিদর্শন করে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান বলেন, প্রশ্নফাঁসের সাথে বিশ্ববিদ্যালয়ের সম্মান জড়িত। যাঁরা প্রশ্ন তৈরি করেন তাদের উপর নির্ভর প্রশ্ন ফাঁস হওয়া। সম্মানিত ডীনগণ দায়িত্বে ছিলেন। তাঁরা গুরুত্ব দিয়ে বিষয়টি দেখেছেন। অতএব প্রশ্ন ফাঁসের কোন সম্ভাবনা নেই।
এছাড়া আগামীতে লিখিত ও এমসিকিউ-এর সমন্বয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। একই সাথে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না।
এদিকে দুপুর আড়াইটায় ‘ডি-২’ গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া বিকাল সাড়ে ৪টায় ‘বি-১’ (বিজনেস স্টাডিজ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট) গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘ডি’ ইউনিটে ৩০ হাজার ৮৯০ জন এবং ‘বি’ ইউনিটে ২৪ হাজার ৮০৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
দ্বিতীয় দিন সকাল ৮টায় ‘বি-২’, সকাল ১০টায় ‘ই-১’ (সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ), দুপুর ১২টায় ‘ই-২’, আড়াইটায় ‘এ-১’ (কলা ও চারুকলা অনুষদ) এবং বিকাল সাড়ে ৪টায় ‘এ-২’ গ্রুপের পরীক্ষার মধ্যদিয়ে ভর্তি পরীক্ষা শেষ হবে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত জালিয়াতি বা প্রশ্ন ফাঁস হওয়ার কোন ঘটনা জানা যায়নি।

উল্লেখ্য, এ বছর পাঁচটি ইউনিটের আওতায় ৫৯টি বিভাগে মোট চার হাজার সাতশোটি আসনের বিপরীতে এক লাখ ৪৭ হাজার ৭৫০টি প্রবেশপত্র সংগ্রহ করা হয়েছে।