শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় রাবি সাদা দলের নিন্দা ও প্রতিবাদ
ছাত্রলীগ কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বরোচিত নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএনপি সমর্থিত সাদাদলের শিক্ষকরা। রবিবার দুপুরে সাদাদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ড. এনামুল হক ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. বেলাল হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় একটি মুক্তবুদ্ধি চর্চা কেন্দ্র। এখানে নানা মত ও আদর্শের মানুষ থাকবে এবং নিজ নিজ মতাদর্শ লালন করবে এটাই স্বাভাবিক। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করে আসছি যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্র-ছাত্রীদেরকে ছাত্রলীগ নামধারী একশ্রেণীর দুর্বৃত্ত বরাবরই হয়রানি করে আসছে।
এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রকে অন্যায়ভাবে আটক করে হলের একটি রুমে নিয়ে নির্মমভাবে নির্যাতন করেছে। এ ধরনের একের পর এক অপরাধের কোন সাজা না হওয়ায় তারা বিশ্ববিদ্যালয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে এবং এমন ন্যক্কারজনক ঘটনা ঘটানোর সাহস পেয়েছে ।
বিবৃতিতে শিক্ষক নেতৃবৃন্দ অনতিবিলম্বে এই জঘন্য ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।