২১ অক্টোবর ২০১৮, ১৫:১০

নতুন স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আলোকসজ্জিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস  © টিডিসি ফটো

‘জগন্নাথ স্কুল’ থেকে বিশ্ববিদ্যালয় হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানটি ১৪ বছরে পদার্পণ করেছে ২০ অক্টোবর। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও এই অল্প সময়ে নিজেকে দেশের অন্যতম বিদ্যাপীঠ হিসাবে প্রতিষ্ঠিত করেছে বিশ্ববিদ্যালয়টি। অবশ্য এর জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে আজকের এই অবস্থানে আসতে। শুরু থেকে আন্দোলনের আতুর ঘর হিসাবে পরিচিত ছিল জগন্নাথ কলেজ। যেটা বিশ্ববিদ্যালয় জীবনে এসেও চালু থাকে। এজন্য কবি সমরেন্দ্র সেনগুপ্ত তার আত্মজীবনী আমার সাত দশকে জগন্নাথ কলেজ সম্পর্কে লিখেছেন, ‘শুরু থেকে অদ্যাবধি যত প্রধান আন্দোলন হয়েছে তার অধিকাংশই শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা জগন্নাথ কলেজ থেকে।

সর্বশেষ আন্দোলন ছিল বিশ্ববিদ্যালয়টির আবাসন সঙ্কট নিরসনের জন্য যেটা সফলতার মুখ দেখেছে সম্প্রতি একনেকে নতুন ক্যাম্পাসের জন্য ১৯২১ কোটি টাকা অনুমোদনের মধ্য দিয়ে। এজন্য এবার বিশ্ববিদ্যালয় দিবসটি নতুন স্বপ্ন নিয়ে পালন করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

 জগন্নাথ বিশ্ববিদ্যালয়

 

‘জগন্নাথ স্কুল’ হিসেবে যাত্রাটা শুরু হয় প্রায় ১৬০ বছর আগে। এরপর কলেজ পেরিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মর্যাদা পায় ২০০৫ সালের ২০ অক্টোবর। ২০ অক্টোবর প্রতিষ্ঠাবার্ষিকী হলেও ওইদিন ছুটি থাকায় সোমবার উদযাপন করা হবে প্রতিষ্ঠাবার্ষিকী। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি পরিবর্তন করা। বিশ্ববিদ্যালয়ে জ্ঞান আহরণ এবং পাঠদান দুটি কাজই হয়ে থাকে। আমরা এটি করতে পেরেছি। বিশ্ববিদ্যালয়ে এখন মেধাবীরা ভর্তি হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও মেধাবী। শিক্ষকদের অনেকে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছেন। ইউজিসি এবং সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে শিক্ষকরা বিভিন্ন গবেষণায় ব্যস্ত। বিশ্ববিদ্যালয়টিতে চারুকলা, সঙ্গীত, নাট্যকলার মতো বিষয় খোলার মাধ্যমে সুকুমারবৃত্তি সংস্কৃতির উন্নয়ন ঘটেছে।’

উপাচার্য বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের একটি বড় সমস্যা ছিল একাডেমিক ও আবাসন সমস্যা। সরকার আমাদের কেরানীগঞ্জে ২০০ একর জমি দিয়েছে। এখানে মহা-পরিকল্পনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ও আবাসনের ব্যবস্থা করা হলে এ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হবে।’

১৮৫৮ সালে টাঙ্গাইলের বালিয়াটির জমিদার কিশোরীলাল রায় চৌধুরী পুরান ঢাকায় একটি ব্রাহ্মস্কুল প্রতিষ্ঠা করেন। পরে ১৮৭২ সালে তাঁর বাবার নামানুসারে এটির নামকরণ করেন ‘জগন্নাথ স্কুল’। ১৮৮৪ সালে দ্বিতীয় শ্রেণির কলেজ, ১৯০৮ সালে প্রথম শ্রেণির কলেজ ও ১৯৬৮ সালে সরকারি কলেজে পরিণত হয় এই প্রতিষ্ঠান। সর্বশেষ ২০০৫ সালের ২০ অক্টোবর সাত একর জায়গা নিয়ে জাতীয় সংসদে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫’ এর মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

অক্টোবর মাসে বিশ্ববিদ্যালয়ের জায়গা সংকুলান, শিক্ষক-শিক্ষার্থীদের আবাসন সমস্যা, নতুন একাডেমিক ভবন এবং গবেষণা কাজের সুবিধার্থে কেরানীগঞ্জের তেঘরিয়ায় ২০০ একর জমিতে ১৯২১ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয় সরকার। কিন্তু একই সাথে ওই প্রকল্পে বলা হয়, তেঘরিয়ায় ক্যাম্পাস হওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ক্যাম্পাস সরকার নিয়ে নিবে। যার ফলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা যায়। প্রকল্প অনুমোদনের পরদিন উপাচার্যের সাথে এ বিষয়ে কথা বলার জন্য যান বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতারা। উপাচার্য বলেন, প্রথমে ক্যাম্পাস হোক পরে দেখা যাবে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়টির ছয়টি অনুষদে ৩৬টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটে প্রায় ৬৫০ জন শিক্ষক ও ১৯ হাজার শিক্ষার্থী রয়েছেন। এ ছাড়া ২০১৩ সালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিশ্ববিদ্যালয়ের পাশে ছাত্রীদের জন্য এক হাজার আসন বিশিষ্ট ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব’ হলের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বর্তমানে ১৬তলা বিশিষ্ট হলটির নির্মাণ কাজ চলছে। এ বছরের শেষে নারী শিক্ষার্থীরা হলে উঠতে পারবে বলে আশা করা হচ্ছে।