১৯ অক্টোবর ২০১৮, ১৯:৪৬

পুরাতন নাশকতার মামলায় সেই চার শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের হাতে মারধরের শিকার সেই চার শিক্ষার্থীকে পুরাতন একটি নাশকতা মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। পূর্বের একটি নাশকতার ঘটনায় তাদের জড়িত থাকার প্রমানও মিলেছে বলে দাবি করে পুলিশ। শুক্রবার সকালে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদৎ হোসেন।

এর আগে বৃহস্পতিবার রাতে শিবির সন্দেহে ১৪ জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাড়া এলাকা থেকে আটক করে ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের মারধর ও জিজ্ঞাসাবাদেরে পর চারজনকে শিবিরের সাথে ‘সম্পৃক্ততার’ অভিযোগে পুলিশের কাছে সোপর্দ করে ছাত্রলীগ।

গ্রেপ্তারকৃতরা হলেন- সমাজকর্ম বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী নাসিম হাসান, আরবী বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী শাহরুখ, ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী লিটন এবং একই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মুহাইমিন।

জানতে চাইলে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, ‘শিবিরের সঙ্গে ‘সম্পৃক্ততার’ অভিযোগে আমরা চারজনকে আটক করেছিলাম। জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর পূর্বের একটি নাশকতা মামলায় তাদের জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।’ বর্তমানে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন এবং সুস্থ হলে তাদেরকে আদালতে তোলা হবে বলে জানান তিনি।