১৭ অক্টোবর ২০১৮, ১৪:২৬

রাবি ভর্তি পরীক্ষায় প্রশাসনের সতর্ক অবস্থান

  © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে একটি বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছে। 

বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কক্ষ ও সমগ্র ক্যাম্পাস বিশেষ নিরাপত্তার আওতায় থাকবে।  এছাড়া, পরীক্ষায় যেকোন ধরনের অসদুপায় অবলম্বন, প্রতারক ও জালিয়াতচক্র, দালালচক্র, আর্থিক লেনদেন, ভূয়া ও ভাড়াটিয়া পরীক্ষার্থী, ওএমআর সিট পরিবর্তন অথবা পরীক্ষায় সহায়তাকারী এবং সহায়তা গ্রহণকারীসহ অন্য যেকোন অপরাধ কঠোর হস্তে দমনের জন্য সার্বক্ষণিক মোবাইল কোর্ট থাকবে।

ভর্তিকৃত কোন শিক্ষার্থীর বিরুদ্ধে ভবিষ্যতেও যদি ভর্তি জালিয়াতি সংক্রন্ত কোন ধরনের অপরাধের অভিযোগ পাওয়া যায় তবে প্রমাণসাপেক্ষে তার ভর্তি তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ ব্যাপারে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পরীক্ষা কক্ষের শৃঙ্খলা ভঙ্গসহ যে কোন ধরনের অনিয়মের সন্ধান পেলে প্রশাসনিক মোবাইল নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।  নাম্বারগুলো হলো, রাবি প্রক্টর ; ০১৭১১৫৭৪৮৬৩, মতিহার থানার ওসি ; ০১৭১৩৩৭৩৩১৩।