এক দশকেও পূর্ণতা পায়নি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
রংপুর বিশ্ববিদ্যালয় নামে যাত্রা শুরু করে ২০০৯ সালে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মরণে নাম পরিবর্তিত হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। রংপুর বিভাগের ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষায় অসামান্য অবদান রাখছে এই বিশ্ববদ্যিালয়। তবে সমস্যাও কম নয়। শিক্ষার্থীদের ভাষ্য- ‘গত দশ বছরে বিশ্ববিদ্যালয় হতে শুধু সেশনজটই মিলেছে; যা তাদের জীবনকে স্থবির করে দিয়েছে।’ লিখেছেন- বেরোবি প্রতিনিধি রনি আহমেদ
চার বছরের অনার্স শেষ হয় পাঁচ বছরে। চোখে পড়ার মত অপূর্ণাঙ্গ কেন্দ্রীয় গ্রন্থাগারের বেহাল চিত্র। শিক্ষক সংকট, অপর্যাপ্ত শ্রেণিকক্ষ এমনকি পরিবহনের অব্যবস্থাপনাতে নাকাল শিক্ষার্থীরা। সবমিলিয়ে বলা যায়- সমস্যার শেষ নেই। বলা হচ্ছে- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়’র (বেরোবি) কথা। প্রতিষ্ঠার পর দশ পেরিয়ে এগারো বছরে পা দিলেও নানা সমস্যা আর সংকটের মধ্য দিয়ে শিক্ষাজীবন পার করছে এখানকার শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের গৃহীত পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে উন্নয়ন কাজ হওয়ার কথা থাকলেও বিভিন্ন উপাচার্যের আমলে অবহেলার দরুন অনেকটাই পিছিয়ে আছে উত্তরাঞ্চলের এই বিশ্ববিদ্যালয়।
খোঁজ নিয়ে জানা যায়, শিক্ষার্থীদের প্রাপ্য সুযোগ সুবিধার কোনটিই নিশ্চিত করতে পারেনি এখানকার বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষক রাজনীতি ও অন্তঃকোন্দোল, ক্লাসরুম সংকট, অপর্যাপ্ত শিক্ষক এবং ব্যবহারিক সরঞ্জামের অভাবও রয়েছে চরমে। প্রতিষ্ঠার দশ বছর পেরিয়ে গেলেও এখনো গলার কাটা সেশনজট। শিক্ষার্থীরা বলছেন, ভয়াবহ সেশনজটের যাতাকলে পিষ্ট তারা। চার বছরের কোর্স পাঁচ-ছয় বছরেও শেষ করতে না পারায় বিষয়টি নিয়ে চাপা ক্ষোভও রয়েছে তাদের।
জানতে চাইলে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাওন গাজী বলেন, নানন সংকটে জর্জরিত এই বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থী অনুযায়ী অপর্যাপ্ত শিক্ষক, বাস সংকট, কেন্দ্রীয় লাইব্রেরী'তে বই সংকট, মেডিকেলে ওষুধ সংকটসহ নানা রকম সমস্যায় ভুগতে হয় এখানকার শিক্ষার্থীদের। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ করে না। সঠিক পদক্ষেপ নিয়ে ক্যাম্পাস পরিচালনা করলে এসব জটিলতা দূর হত বলে মনে করেন তারা। আরেক শিক্ষার্থী আশরাফুল ইসলাম জানান, বিভিন্ন পরিকল্পনার কথা থাকলেও তা বাস্তবায়ন তো দূরের কথা, বরং দুর্নীতি-অনিয়ম হয়।
শিক্ষার্থীদের ভাষ্য, গত দশ বছরে বিশ্ববিদ্যালয় হতে শুধু সেশনজটই মিলেছে; যা আমাদের জীবনকে স্থবির করে তুলেছে।
বঙ্গবন্ধু হল সভাপতি প্রমেল বড়ূয়া এবং সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, দশ বছরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ও অডিটোরিয়াম নির্মাণ হয়নি। অথচ এটি উচিত ছিল। নতুন বিভাগ খোলার কথা ছিল, সেটিও খোলা হয়নি। বেরোবি ক্যাম্পাস ওয়াইফাই সংযুক্ত করার কথা থাকলেও দুর্নীতির কারণে এখনো তা অসম্পূর্ণ।
বিশ্ববিদ্যালয়ের গৃহীত মাস্টার প্ল্যান অনুযায়ী, ২০১৮ সালের মধ্যে ৬টি হল নির্মাণ এবং ক্যাম্পাসের ৫০ একর জমি অধিগ্রহণ করার কথা ছিল; যা প্রশাসনিক জটিলতার কারণে বাস্তবায়ন হয়নি। ডঃ ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার ভবন দশ তলা হওয়ার কথা ছিল; দুর্নীতির কারণে সেটিও এখন বন্ধ। এছাড়া স্মৃতিসৌধের কাজও সম্পূর্ণ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রশাসনিক জটিলতাও চরম আকার ধারণ করেছে বিশ্ববিদ্যালয়টিতে। সংশ্লিষ্টদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধিকাংশ সময় ক্যাম্পাসের বাইরে থাকেন; ফলে বিশ্ববিদ্যালয়ের সমস্যা তার চোখে পড়ে না। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেবা ২৪ ঘন্টা চালু থাকলেও বেরোবি মেডিকেল সেবা চলে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। মেডিকেলে পাওয়া যায় না পর্যাপ্ত পরিমাণ ঔষধ। আবার বিশ্ববিদ্যালয়ের জন্য মাত্র একটি এ্যাম্বুলেন্স থাকায় তা দিয়ে শিক্ষার্থীদের চাহিদা পূরণ হয় না।
নাম প্রকাশে অনিচ্ছুক বেরোবির এক শিক্ষক বলেন, ক্ষয়-অবক্ষয় বলতে গেলে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার চার বছরে যে ভৌত অবকাঠামো উন্নয়ন হয়েছে; সে তুলনায় গত ছয় বছরে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়টির ভৌত অবকাঠামোগত উন্নয়ন। তাদের চাওয়া, এক দশক পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে একটা আলোচনা পর্বের ব্যবস্থা করা উচিত; যেখানে ‘বিশ্ববিদ্যালয় কী পেয়েছে, আর কী পায়নি’ বিষয়ে আলোচনা। আশা করা যায়, সেখানেই বিশ্ববিদ্যালয়ের সবকিছু বেড়িয়ে আসবে।
এসব বিষয়ে বেরোবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. গাজী মাজহারুল আনোয়ার বলেন, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিশ্চিতের চেষ্টা চলছে। তিনি জানান, সবকিছু বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয় নয়, সরকারেরও কিছু বিষয় থাকে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বড় সমস্যা হলো শিক্ষক সংকট, খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও ইউজিসির মাধ্যমে নতুন পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মাধ্যমেই সেশনজট নামক অভিশাপ থেকে বেরোবি মুক্ত হবে বলে আশা করি।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়ে কথা বলার জন্য বেরোবি উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ'র ফোনে একাধিক বার ফোন করলেও রিসিভ করেননি।