১২ অক্টোবর ২০১৮, ১৭:২৪

বেরোবি’র এক দশক পূর্তি উৎসব পালিত

  © টিডিসি ফটো

‘উন্নয়নে উচ্চশিক্ষা’ স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক দশক পূর্তি উৎসব উদযাপন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহীয়সী নারী বেগম রোকেয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে শুভেচ্ছাবাণী পাঠ করার মাধ্যমে দিনের কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে সকল অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপাচার্য তাঁর শুভেচ্ছা বক্তব্যে বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে অভিনন্দন জানান।

তিনি বলেন, উত্তরবঙ্গের মানুষের স্বপ্নের এই বিদ্যাপীঠের প্রথম দশক পূর্তিতে উপাচার্য হিসেবে উপস্থিত হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সৌহার্দ্য ও সম্প্রীতির মিলন কেন্দ্রে পরিণত হয়েছে। শিক্ষার সাথে সহশিক্ষা কার্যক্রম সমুন্নত হচ্ছে।  জ্ঞানার্জন, সংস্কৃতি চর্চা, ক্রীড়ানৈপুণ্য শিক্ষার পিঠস্থানে পরিণত হচ্ছে। এই প্রতিষ্ঠানকে অঞ্চল ও দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া আমাদের লক্ষ্য। ’ শুভেচ্ছা বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ দেশের সকল শহীদকে স্মরণ করেন তিনি।

এছাড়া, সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় প্রথমবারের মত শিক্ষক-কর্মকর্তাদের জন্য গঠিত ‘বিশ্ববিদ্যালয় ক্লাব’ এর উদ্বোধন করেন উপাচার্য।

এরপর বিভিন্ন বিভাগের অংশগ্রহণে আয়োজিত দিনব্যাপী একাডেমিক ফেয়ার ও রক্তের গ্রুপ নির্ণয়, দোয়া মাহফিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।