১১ অক্টোবর ২০১৮, ২২:৩৭

অবরোধ তুলে নিয়ে ৬ ঘন্টার আল্টিমেটাম

  © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাসে হামলার ঘটনায় বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ তুলে নিয়েছে শিক্ষার্থীরা। তবে তারা দোষীদের শাস্তির দাবিতে ৬ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ অবরোধ তুলে নেয়া হয়।

এর আগে সাড়ে আটটা থেকে ১০টা পর্যন্ত শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেলতলী বিশ্বরোড অবরোধ করে রাখে। এসময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ তাদের সাথে  একাত্মতা পোষণ করে।

ব্যস্ততম এই মহাসড়কে অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হলে পুলিশ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ছাত্রদের সাথে কথা বলেন এবং ঘটনার সুষ্টু তদন্ত করে দ্রুত দোষীদের বিচারের আওতায় আনার আশ্বাস দেন।  ফলে ছাত্ররা তাদের অবরোধ তুলে নেয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা আগামীকালের মধ্যে মামলা করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহণ করবো।

সদর দক্ষিণ এর সহকারী পুলিশ সুপার মো: গোলাম আম্বিয়া মাহমুদ বলেন, আমরা রাতেই তদন্ত করে হামলাকারীদের শনাক্ত করে ব্যাবস্থা নিবো। এ ব্যাপারে আমাদের ইন্টেলিজেন্স টিম কাজ করবে। 

অন্যদিকে শিক্ষার্থীরা জানায়, যদি আগামী ৬ ঘন্টা মধ্যে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে তারা আরো কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার ভাড়া করা একটি বাস ভিক্টোরিয়া সরকারি কলেজের গেটে আসলে হামলা চালায় দুর্বৃত্তরা।

এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী দ্বীন মোহাম্মদ এবং বাসটির চালক আলাউদ্দিন আহত হন।  এ ঘটনায় উত্তেজিত শিক্ষার্থীরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেলতলী বিশ্বরোড অবরোধ করে রাখে।