১০ অক্টোবর ২০১৮, ২০:০৯

শেষ হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ফেস্ট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ থেকে পরিচালিত ম্যানেজমেন্ট ক্লাবের আয়োজনে তিন দিনব্যাপী ম্যানেজমেন্ট ফেস্ট ২০১৮ সমাপ্ত হয়েছে। বুধবার ব্যাবসায় শিক্ষা অনুষদের হলরুমে নবীনবরণ এবং প্রবীণদের বিদায়ের মধ্য দিয়ে এ ফেস্ট সমাপ্ত হয়।

সমাপনী অনুষ্ঠানে ১২ তম ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং বিভাগের ৬ষ্ঠ ও ৫ম ব্যাচকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। এছাড়া তিন দিনব্যাপী ফেস্টের বিভিন্ন প্রতিযোগিতামূলক আয়োজনের পুরস্কার বিতরণ এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ অামজাদ হোসেন সরকার এবং ছাত্র উপদেষ্টা ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহম্মদ অাহসান উল্যাহ। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সভাপতি ড. শেখ মকছেদুর রহমান, ম্যানেজমেন্ট ফেস্ট এর আহবায়ক ও বিভাগটির সহকারী অধ্যাপক মো. সাহেদুর রহমান, বিভাগটির সহকারী অধ্যাপক মোসাঃ শাহীনুর বেগম, মোঃ সিদ্দিকুর রহমান, বিভাগটির নবীন ও প্রবীণ শিক্ষার্থীবৃন্দসহ বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, গত সোমবার ‘গুড ম্যানেজমেন্ট গুড গভার্নেন্স’ স্লোগানকে সামনে রেখে ম্যানেজমেন্ট ফেস্ট ২০১৮ এর উদ্বোধন করা হয়। ফেস্টে তিন দিনব্যাপী এ আয়োজনে ছিল ছাত্রদের জন্য ফুটবল টুর্নামেন্ট, ছাত্রীদের জন্য বুদ্ধিভিত্তিক খেলা, কবিতা আবৃত্তি, বির্তক, গান, নাচ প্রতিযোগীতা প্রভৃতি।