০৯ অক্টোবর ২০১৮, ১৪:৫৪

জবি ইউনিট-১ এর ফল প্রকাশ ১৪ অক্টোবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ইউনিট-১’  বিজ্ঞান অনুষদের ফলাফল আগামী রোববার (১৪ অক্টোবর) প্রকাশিত হতে পারে।

মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুরে ইউনিট-১ এর ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি এবং লাইফ ও আর্থ অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, কিছু উত্তরপত্রের মূল্যায়ণ এখনো বাকি আছে।  বৃহস্পতিবারের মধ্যে খাতা মূল্যায়ন শেষ হবে।  আমাদের উপাচার্য এখন ব্যস্ত।  উপাচার্যের সঙ্গে কথা বলে রোববার ফল প্রকাশ করতে পারবো বলে আশা করছি। 

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর ইউনিট-১ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  এবার ‘ইউনিট-১’-এর ১ হাজার ১৭৮টি আসনের বিপরীতে ২৬ হাজার ৪১৪ জন শিক্ষার্থী লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়।  এর মধ্যে সকালের শিফটে ১৩ হাজার ২৪১ জন এবং বিকেলের শিফটে ১৩ হাজার ১৬৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেন।  প্রতি আসনের জন্য গড়ে ২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।