প্রধানমন্ত্রীকে কটুক্তির মামলায় আটক চবি শিক্ষকের জামিন
ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী অধ্যাপক মাইদুল ইসলামকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে শিক্ষক মাইদুল ইসলামের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী হাসনাত কাইয়ুম।
জানা যায়, কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটুক্তি’ করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে গত ২৩ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলামের বিরুদ্ধে হাটহাজারি থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন সাবেক ছাত্রলীগ নেতা ইফতেখারুল ইসলাম। এই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।
গত ৬ আগস্ট হাইকোর্ট থেকে তিনি আট সপ্তাহের আগাম জামিন নেন। হাইকোর্টের দেওয়া আট সপ্তাহের জামিন শেষে ২৪ সেপ্টেম্বর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মাইদুল ইসলাম। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ২৫ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাইদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে।