০৯ অক্টোবর ২০১৮, ১২:১৯

খুলনা বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম ‘সয়েল আর্কাইভ’

  © সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) স্থাপিত হয়েছে দেশের প্রথম সয়েল আর্কাইভ। বাংলাদেশ বনবিভাগের সঙ্গে খুবির যৌথ উদ্যোগে এবং জাতি সংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও’র কারিগরি সহায়তায় এবং যুক্তরাষ্ট্রের ইউএসএআইডির আর্থিক সহযোগিতায় এ আর্কাইভ স্থাপন করা হয়।

সোমবার দুপুরে খুবির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ২০ ফুট ভূ-গর্ভে স্থাপিত এ আর্কাইভের উদ্বোধন করেন। 

এ সয়েল আর্কাইভে বাংলাদেশ ফরেস্ট ইনভেন্টরি প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন অঞ্চলের ১৬৯৮ প্লটের ৪ হাজার ২২৫টি মাটির নমুনা সংগৃহীত রয়েছে, যে মাটি নানামুখী গবেষণার দ্বার উন্মোচিত করবে।

আর্কাইভ উদ্বোধনের আগে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, দেশের প্রথম এ সয়েল আর্কাইভ স্থাপন একটি সবিশেষ উদ্যোগ। এর ফলে এক জায়গা থেকেই দেশের সমগ্র অঞ্চলের মাটির প্রকারভেদ, গুণাগুণসহ নানা তথ্য-উপাত্ত জানা যাবে।

আর্কাইভের উদ্বোধনের সময় অতিথিরা

তিনি বলেন, এ আর্কাইভ বনবিভাগ, কৃষি বিভাগ, পরিবেশ বিভাগ, মৃত্তিকা সম্পদ বিভাগসহ কৃষির সব সেক্টরের জন্য গবেষণার একটি নতুন জায়গা তৈরি করবে। এর ভিত্তিতে দেশে কোন এলাকায় কী ধরনের মাটিতে কী ধরনের গাছ, ফসল ফলানো যাবে, তার উপযোগিতা নির্ধারণ সহজ হবে। বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষার্থীদের জন্যও এটা খুবই উপকারে আসবে। বেঁচে থাকার জন্য বৃক্ষরাজি গুরুত্বপূর্ণ। পরিবেশের ভারসাম্য রক্ষা জরুরি। 

তিনি আরও বলেন, বাংলাদেশে অনেক প্রজাতির গাছ হারিয়ে যাচ্ছে। হিজল, বৈন্যা, তমালসহ বহু গাছ এখন আর চোখে পড়ে না। এখনকার শহুরে শিক্ষার্থীরা ধান, পাটগাছ চেনে না। তিনি বলেন, সুন্দরবন ঝড়, জলোচ্ছ্বাস, সাইক্লোনে নিজে ক্ষতি সহ্য করে আমাদের বাঁচায়। তাই আমাদের বেঁচে থাকার জন্য, পরিবেশের জন্য বৃক্ষ অপরিহার্য। তিনি বনায়নের জন্য দেশের সব শ্রেণির মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির আহ্বান জানান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর একে ফজলুল হক, বাংলাদেশ বন বিভাগের খুলনা সার্কেলের বন সংরক্ষক মো. আমীর হোসেন চৌধুরী এবং এফওএ’র আন্তর্জাতিক পরামর্শক ড. ক্রিস্টফার জনসন।

সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উডটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. ইনামুল কবীর। সেমিনারে সংশ্লিষ্ট বিষয়ে পাওয়ার পয়েন্টে নিবন্ধ উপস্থাপন করেন খুবির ফউটে ডিসিপ্লিনের প্রফেসর ড. মাহমুদ হোসেন এবং বিএফআই প্রকল্পের ন্যাশনাল কো-অর্ডিনেটর মো. জহির ইকবাল।