০৯ অক্টোবর ২০১৮, ১০:১৬

শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ৫ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

  © ফাইল ফটো।

মাওলানা  ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লাঞ্ছনার ঘটনায় ৫৬ শিক্ষককের পদত্যাগের পর ওই বিশ্ববিদ্যালয়ের ৫ ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  বিশ্ববিদ্যালয় সূত্রে এ খবর পাওয়া গেছে। 

বহিষ্কৃত ছাত্ররা হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সজীব তালুকদার, সহসভাপতি ইমরান মিয়া ও পান্না দাস এবং যুগ্ম সম্পাদক জাবির ইকবাল ও ইয়াসিন আরাফাত। আজ তাঁদের সাময়িক বহিষ্কারের চিঠি দেওয়া হয়েছে। কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সাত দিনের মধ্যে তার কারণ দর্শাতে বলা হয়েছে।

প্রক্টর সিরাজুল ইসলাম বলেন, গতকাল উপাচার্যের সভাপতিত্বে রিজেন্ট বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় গত রোববার পদার্থবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থীকে পরীক্ষা দেওয়ানোকে কেন্দ্র করে শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় পাঁচজনকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

পদার্থবিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে অভিযোগ তুলে সোমবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্বে থাকা ৫৬ জন শিক্ষক পদত্যাগ করেছেন।  এর আগে রোববার জরুরি সভায় শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সজীব তালুকদার, সহ-সভাপতি ইমরান মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক জাবির ইকবাল ও সহ-সভাপতি আদ্রিতা পান্নার বিচারের দাবি জানায়।

শিক্ষক সমিতির সহসভাপতি মীর মোহাম্মদ মোজাম্মেল হক বলেলেন, শনিবার ২য় বর্ষ ২য় সেমিস্টারের পরীক্ষার ফলাফল ঘোষণা করে পদার্থ বিজ্ঞান বিভাগ। এ পরীক্ষায় ঈশিতা বিশ্বাস নামে এক ছাত্রী উত্তীর্ণ হতে পারেননি। তিনি পেয়েছেন সিজিপিএ ৪ এর মধ্যে ১.৯৮। কোনো শিক্ষার্থীকে উত্তীর্ণ হতে হলে সিজিপিএ ৪ এর মধ্যে কমপক্ষে ২.২৫ পেতে হয়।

ঈশিতা উত্তীর্ণ হতে না পারায় কর্তৃপক্ষ তাকে রোববারের কোয়ান্টাম মেকানিক্স-১ পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেয়নি বলে জানান মোজাম্মেল।  “কিন্ত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সজীব তালুকদার সহযোগীদের নিয়ে রোববার সকালে ঈশিতাকে জোর করে পরীক্ষার আসনে বসিয়ে দেন।

“এ সময় বিভাগের শিক্ষকরা বাধা দিতে গেলে সজীব তালুকদার এই বিভাগের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, শিক্ষক আনোয়ার হোসেন ও মহিউদ্দিন তাসনিমকে গালাগাল দেন এবং মারতে উদ্যত হন।” এরপর ছাত্রলীগের নেতা-কর্মীরা ঈশিতাকে পাহারা দিয়ে সম্পূর্ণ পরীক্ষা শেষ করান বলে অভিযোগ করেন মোজাম্মেল।