চবিতে শিবির সন্দেহে শিক্ষার্থীকে মারধর ছাত্রলীগের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের সামনে ফের শিবির সন্দেহে রিদোয়ান নিশাত নামে এক শিক্ষার্থীকে মারধর করেছে ছাত্রলীগের কর্মীরা। সোমবার দুপুরেদিকে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার রেদোয়ান বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। এছাড়া মারধরকারীরা চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সদস্য নীল উৎপল সরকারের অনুসারী এপিটাফ গ্রুপের কর্মী হিসেবে পরিচিত।
এপিটাফ গ্রুপের নেতা সাজ্জান আনাম পিনন বলেন, রিদোয়ান নিশাতের মোবাইল চেক করে শিবিরের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাই আমরা তার মোবাইল প্রক্টর অফিসে জমা দিয়েছি।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আকতারুজ্জামান বলেন, এক শিক্ষার্থীকে মারধর করার খবর পেয়ে আমরা উদ্ধার করেছি। পরে প্রক্টর অফিসে নিয়ে আসা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ জানান, মারধরের শিকার শিক্ষার্থীকে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে। পরে প্রক্টর অফিসে নিয়ে আসা হলে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়। আমরা এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে ।