০৮ অক্টোবর ২০১৮, ১১:২৮

যৌন হয়রানির অভিযোগে আটকদের ছেড়ে দিল পুলিশ

যৌন হয়রানির অভিযোগে আটক জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২ কর্মীকে ছেড়ে দিয়েছে পুলিশ। বিশ্ববিদ্যালয়টির এ বছরের ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে জয়নুল আবেদীন এবং মোবারক ঠাকুর নামের এই দুইজনের নামে এক ভর্তিচ্ছুকে যৌন হয়রানির অভিযোগ উঠে। জয়নুল এবং মোবারক বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র।

অভিযোগ পাওয়ার পর এই দুজনকে শনিবার পুলিশের হাতে তুলে দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পুলিশ তাদেরকে কোতোয়ালি থানায় নিয়ে গেলেও রোববার খবর নিয়ে জানা যায়, তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি মসিউর রহমান বলেন, ভিকটিম বা বিশ্ববিদ্যালয় প্রশাসন কেউ কোনো অভিযোগ করেনি, তাই আমরা ছেড়ে দিয়েছি। কোনো অভিযোগ না পেলে তো কাউকে আটক রাখতে পারি না।

এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর বলেন, “বিশ্ববিদ্যালয়ের কাজ পুলিশকে সহায়তা করা, মামলা করবে ভিকটিম। আমরা আাগামীকাল উপাচার্য মহোদয়ের সঙ্গে কথা বলে এ ব্যাপারে একাডেমিক সিদ্ধান্ত নেব।

অন্যদিকে ভর্তিচ্ছু ওই নারী শিক্ষার্থীর বাবা পুলিশের এই পদক্ষেপে হতাশা প্রকাশ বলেন,  “আমি অত্যন্ত হতাশ। ছোট একটা মেয়ে পরীক্ষা দিতে গিয়ে এমন পরিস্থিতিতে পড়ার পর তার মানসিক অবস্থাটা একবার চিন্তা করেন তো? সামনের পরীক্ষাগুলো সে কীভাবে দেবে?

মামলা না করা কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘‘মামলা করলে আমার মেয়ের পরীক্ষায় খারাপ প্রভাব পড়তে পারে। তাছাড়া ক্যাম্পাস প্রশাসন কেন মামলা করছে না  ?’’

উল্লেখ্য,  ভর্তি পরীক্ষা শেষে বিজ্ঞান অনুষদের পাশ দিয়ে যাওয়ার সময় জয়নুল আবেদীন এবং একই বিভাগের মোবারক ঠাকুর প্রিন্স অভিযোগকারী ওই নারী শিক্ষার্থীকে ডাক দিয়ে অশালীন অঙ্গভঙ্গী এবং নানা ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন এমন অভিযোগের ভিত্তিতে শনিবার পুলিশ তাদের আটক করেছিল।