০৭ অক্টোবর ২০১৮, ১২:৩১

শাবিপ্রবিতে গাঁজাসহ ছয় বহিরাগত আটক

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে গাঁজাসহ ছয় বহিরাগত যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘সি’ এর পার্শ্ববর্তী টং থেকে তাদেরকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর জহির উদ্দিন আহমেদ।

তিনি বলেন, একাডেমিক ভবন ‘সি’ সংলগ্ন একটি টং দোকান থেকে মাদকদ্রব্যসহ (গাঁজা) ২০ থেকে ২২ বছর বয়সী ছয় বহিরাগত যুবককে আটক করে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি। এদের প্রত্যেকেই শিক্ষার্থী এবং সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত। আটককৃতদের রাত ১০টায় জালালাবাদ থানায় সোপর্দ করা হয়েছে। 

এ ব্যাপারে জালালাবাদ থানার ডিউটি অফিসার এএসআই রহিম উদ্দিন জনান, আটকৃতরা হলেন সুনামগঞ্জের দিরাই থানার মৃত সুরেশ চন্দ্রের ছেলে সৈকত দাস ও বিকাশ দাসের ছেলে রাজ দাস, নেত্রকোনার মদন থানার আবুল হোসেনের ছেলে হাসান মাহমুদ, মুন্সীগঞ্জের টঙ্গীর জাহাঙ্গীর হোসেনের ছেলে ফয়সল আহমেদ, সিলেটের বালাগঞ্জের জমির আলীর ছেলে মনসুর কোয়েল, ঢাকার কামরুদ্দিন হায়দারের ছেলে ফয়সল হায়দার। ইতোমধ্যে এদের অভিভাবকদেরকে বিষয়টি জানানো হয়েছে বলে তিনি জানান। 

এদিকে জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম জানান, প্রক্টরিয়াল বডি তাদেরকে আটক করে আমাদের হাতে সোপর্দ করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।