কুবিতে রেড-এক্সের ক্যারিয়ার বিষয়ক কর্মশালা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ক্যারিয়ার বিষয়ক সংগঠন রেড-এক্সের আয়োজনে ক্যারিয়ার টক, নেতৃত্ব ও ব্যক্তিগত উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বিবিএ ফ্যাকাল্টির ৫০১ নাম্বার রুমে ‘রেড-এক্স’ সংগঠনের মোড়ক উন্মোচনের মাধ্যমে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
কর্মশালায় মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক শিমুল ও ইসরাত জাহানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ আমজাদ হোসাইন সরকার। এছাড়াও মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান সভাপতিত্বে কর্মশালায় রেড-এক্সের প্রতিষ্ঠাতা শাহরিয়ার রুহুল তামিমসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কর্মশালার প্যানেল আলোচনায় বক্তারা নেতৃত্ব ও ব্যক্তিত্ব উন্নয়ন নিয়ে আলোচনা করেন। এ সময় সেশনগুলো পরিচালনা করেন ফিউচার লিডারর্সের প্রতিষ্ঠাতা এবং সিইও কাজী এম. আহমেদ, কোকা-কোলার হিউম্যান রিসোর্স প্রধান মো. রাশেদ মোশারফ, ব্রিটিশ আমেরিকান ট্যাবাকোর টেরিটরি অফিসার আবু সালমান মোহাম্মাদ আব্দুল্লাহ এবং কর্পোরেট ক্যারিয়ার টিপসের প্রতিষ্ঠাতা হোসাইন জয়।